বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের আগে নারী স্বাধীনতার (Women’s Freedom) স্বার্থে আয়োজিত হবে বিশেষ কর্মসূচি। সেখানে শহরের মহিলাদের যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, “১৪ আগস্ট রাতে সব মা-বোনেরা আসুন।“
মহিলাদের উদ্দেশে বিরাট বার্তা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
১৫ আগস্ট, স্বাধীনতা দিবস। তার ঠিক আগের রাতে অর্থাৎ ১৪ আগস্ট রাতে নারী স্বাধীনতার স্বার্থে কলকাতায় মিছিল করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে গোলপার্ক অবধি যাবে। এরপর ফের সেখান থেকে বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে ফিরে আসবে।
আরও পড়ুনঃ কোথাও ছুটতে হবে না! এবার ঘরে বসেই হবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড, রইল সহজ পদ্ধতি
এই কর্মসূচিতে মহিলাদের আহ্বান জানিয়ে অগ্নিমিত্রা বলেন, “১৪ আগস্ট রাতে সব মা-বোনেরা আসুন। আমরা বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে রাত ৯টায় জড়ো হব। ব্রিজের উপর দিয়ে গোলপার্ক অবধি যাব। সেখান থেকে আবার ব্রিজের নীচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে আসব।“
এই বিশেষ কর্মসূচি সূত্রে আগের তৃণমূল সরকারকে নিশানা করে রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের নিজেদের স্বাধীনতার জন্য এই মিছিল। আগের সরকারের আমলে আমরা প্রায়ই দেখতাম, ছয় মাস অথবা আট বছরের শিশু ধর্ষিতা হলেও বিষয়টিকে মেয়েদের দোষ বলা হত। তাঁদের চরিত্র, পোশাকের দোষ দেওয়া হত।“

অগ্নিমিত্রা আরও বলেন, “রাত ৮টায় বা রাত ৯টায় মেয়েরা কেন বাড়ির বাইরে বেরিয়েছে, এসব কথাও শুনতে হয়েছে। তবে আমরা আর এসব শুনতে পারব না। আমরা কখন বাইরে বেরোব, কী খাব, কী পরব কেউ আমাদের বলে দিতে পারে না। আমরা আর এগুলো শুনব না। সুরক্ষা প্রদানের দায়িত্ব সরকারের।“
আগামী ১৪ আগস্ট রাতের এই বিশেষ কর্মসূচিতে সব মহিলাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অগ্নিমিত্রা। স্কুল পড়ুয়া, গৃহবধূ থেকে শুরু করে চাকরিজীবী নারী, সকলকে মিছিলে যোগ দেওয়ার ডাক দিয়েছেন রাজ্যের মন্ত্রী।













