বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর তিনটি এনকাউন্টের (Encounter) ঘটনা ঘটেছে। মঙ্গলবার আবার জোড়া এনকাউন্টারের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এই নিয়ে নানা জনের নানা মত শোনা যাচ্ছে। এবার এনকাউন্টার নিয়ে কলম ধরলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা শেয়ার করেছেন তিনি।
এনকাউন্টার নিয়ে অগ্নিমিত্রার কবিতা | (Agnimitra Paul)
‘এনকাউন্টার’ শীর্ষক সেই কবিতায় অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক/ যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।“
আরও পড়ুনঃ ‘পয়সাকড়ি যত খরচ হোক, শেষ দেখে ছাড়ব’! বকেয়া DA ইস্যুতে স্পষ্ট বার্তা মলয় মুখোপাধ্যায়ের
নিজের কবিতায় অন্যায়ের কাছে মাথা নত না করার বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী। পাশাপাশি অপরাধের বিরুদ্ধে কঠোরতার কথাও বলেছেন। তিনি লেখেন, “অন্যায়ের কাছে মাথা নত নয়, অপরাধের বিরুদ্ধে কঠোরতা চাই/ কখনও পরিস্থিতি কঠিন হয়, সিদ্ধান্তের ভারও সহজ নয়।“
অগ্নিমিত্রা নিজের কবিতায় জানিয়েছেন, মানুষের নিরাপত্তার চেয়ে কিছুই বড় নয়। রাষ্ট্রের শক্তি মানুষের পাশে থাকুক, প্রত্যেকটি ঘরে শান্তির সকাল ফিরুক, এই কামনা করেছেন তিনি।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী লেখেন, “তবু সাহসের মূল্য কম নয়, মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়/ রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে/ অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।“

এদিকে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুলিশ বাহিনীকে দু’টি বিষয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া আছে। প্রথম, নেশামুক্তি তথা মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ও দ্বিতীয়, নারীদের বিরুদ্ধে অত্যাচারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ধরণের সংবেদনশীল পরিস্থিতিতে ঘটনাস্থলের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে পুলিশ বাহিনী যে সিদ্ধান্ত নেবে, মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হিসেবে সবসময় তাঁদের পাশে অভিভাবক ও ঢাল হয়ে দাঁড়াবেন। এবার এনকাউন্টার নিয়ে কবিতা লিখে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।














