বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একের পর এক সিদ্ধান্ত সামনে আসছে। এবার সেই তালিকায় যোগ হল সরকারি পরিবহণ ব্যবস্থাও। রাজ্যের সরকারি বাসের রং পরিবর্তনের ঘোষণা করে পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানিয়ে দিলেন, ভবিষ্যতে নতুন সরকারি বাস আর নীল-সাদা নয়, বরং গেরুয়া রঙেই রাস্তায় নামবে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সরকারি বাসের রঙ পরিবর্তন প্রসঙ্গে অর্জুন সিং (Arjun Singh)
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন। নতুন বাসগুলির রঙ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পরিবহণমন্ত্রী বলেন, “গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রঙের হবে।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে পরিবহণ দফতরের বহরে যে নতুন বাস যুক্ত হবে, সেগুলিকেই গেরুয়া রঙের হবে। তবে বর্তমানে চলাচলকারী নীল-সাদা সরকারি বাসগুলির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশ জারি হয়নি। ফলে পুরনো বাসগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সরকারি বাসের রং বরাবরই সময়ের রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকেছে। বামফ্রন্ট সরকারের দীর্ঘ ৩৪ বছরের শাসনকালে সরকারি বাসের পরিচয় ছিল লাল রং। শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন রুটে চলা সরকারি বাসেও একই রঙের ব্যবহার দেখা যেত। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সরকারি পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়।

আরও পড়ুন : রিটার্ন মিলবে ৫ লক্ষের বেশি! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার
প্রশাসনিক ভবন, সরকারি দফতর, রাস্তার রেলিংয়ের পাশাপাশি সরকারি বাসের রঙও বদলে দেওয়া হয়। সেই সময় থেকেই নীল-সাদা রং রাজ্য সরকারের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পায় এবং দীর্ঘদিন সেই ছবিই দেখা গিয়েছে। রাজ্যের সরকারি বাসের রং অতীতেও সরকারের পরিবর্তনের সঙ্গে বদলেছে, এবারও তার ব্যতিক্রম হল না। আপাতত নতুন বাস থেকেই গেরুয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে।













