বাংলা হান্ট ডেস্কঃ গত জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। আগেই ওই পার্টি অফিস ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করেছিল উচ্চ আদালত। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল।
অভিষেকের পার্টি অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের | (Calcutta High Court)
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেকের একটি দলীয় ও সাংসদ কার্যালয় রয়েছে। সেই পার্টি অফিসের বৈধতা নিয়ে বেশ অনেকদিন ধরেই মামলা চলছে। এদিন সেটি ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট।

এদিন উচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন আদালত জানায়, আগামী ১৫ ডিসেম্বর অবধি স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হচ্ছে। অর্থাৎ ওই দিন অবধি সংশ্লিষ্ট ভবনটি ভাঙার কোনও কাজ করা যাবে না।
আরও পড়ুনঃ সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ! স্কুলে স্কুলে পাঠানো হল নির্দেশিকা
গত ১৭ মে অভিষেকের আমতলার পার্টি অফিস অবৈধভাবে তৈরি হয়েছে বলে দাবি করে অভিযোগ দায়ের করেন সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয় প্রশাসন। গত ১৮ জুলাই তৃণমূল সাংসদের পার্টি অফিসের একাংশ বুলডোজার দিয়ে ভাঙা হয়। পরেরদিন ফের ভাঙার কাজ শুরু হয়েছিল। তবে ছুটির দিনে এজলাস বসিয়ে তার উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।
গত ২০ অগাস্ট বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানির সময় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন। তিনি জানান, অবৈধ নির্মাণের অভিযোগ ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমির উপর আনা হয়েছে। তবে ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমি। সেটি তাঁর মক্কেলের দফতর। এর জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান আইনজীবী।
পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কিছুটা সময় চেয়ে নেন। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন বিচারপতি ঘোষ। এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল।
ফলে আগামী ১৫ ডিসেম্বর অবধি অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার কোনও কাজ করা যাবে না। মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেটাই দেখার।












