বাংলা হান্ট ডেস্কঃ টাকি পুরসভায় (Taki Municipality) কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল। এবার সেই মামলায় বড় নির্দেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, “এটি একটি গুরুতর অপরাধ’।
সিআইডিকে তদন্তভার দিল হাইকোর্ট | (Calcutta High Court)
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে টাকি পুরসভায় আর্থিক তছরুপ সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে সিআইডির হাতে তদন্তভার তুলে দিয়ে প্রধান বিচারপতি ঘুগে বলেন, “এভাবে জনগণের করের টাকা নয়ছয় করা যায় না।“
আরও পড়ুনঃ মাত্র ৩৫ টাকায় এক কেজি পেঁয়াজ! জেলায় জেলায় খুলল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র
উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুৎ দাস এই আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। তিনি আদালতে দাবি করেন, অ্যাকাউন্ট জেনারেলের অডিট রিপোর্ট অনুসারে পুরসভায় প্রায় ২০ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে।
মামলাকারীর আরও অভিযোগ, পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রথমে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এরপর অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলে নেওয়া হয়। এর পাশাপাশি অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগও আনা হয়েছে। আবেদনে সংশ্লিষ্ট অডিট রিপোর্টের কথা উল্লেখ করে জানানো হয়, পুরসভার চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কর্মী যুক্ত।
এদিনের শুনানিতে রাজ্যের তরফে একটি রিপোর্ট পেশ করে উল্লেখ করা হয়, রাজ্য পুলিশের তরফে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন গ্রেফতার হয়েছেন।

রাজ্যের পেশ করা রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি অপরাধ। এরপর সিআইডির হাতে তদন্তভার তুলে দিয়ে জানানো হয়, এই মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি রাজ্য পুলিশ অবিলম্বে সিআইডিকে হস্তান্তর করবে।
টাকি পুরসভায় আর্থিক তছরুপ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর। সেদিনই তদন্তকারী সংস্থাকে তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে। মুখবন্ধ খামে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে আদালত।













