বাংলা হান্ট ডেস্কঃ এই বছর দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) কত শতাংশ হারে ডিএ বাড়বে এই নিয়ে চর্চা-আলোচনা চলছে। এর মাঝেই বেতন ও পেনশন বৃদ্ধি সংক্রান্ত বড় আপডেট সামনে এল। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে দেওয়া স্মারকলিপিতে দশ বছরের পরিবর্তে প্রত্যেক পাঁচ বছর অন্তর বেতন ও পেনশন সংশোধনের দাবি জানিয়েছে পেনশনভোগীদের একটি সংগঠন।
অষ্টম বেতন কমিশনে বড় দাবি | (8th Pay Commission)
অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গত কয়েক মাসে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৈঠক করেছে কমিশন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি সহ দেশের নানা প্রান্তে কর্মী সংগঠন ও নানা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই সব বৈঠকগুলিতে কমিশনের কাছে ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন, পেনশন সহ অন্যান্য নানা আর্থিক সুবিধা সংক্রান্ত নানা দাবি উঠে এসেছে।
আরও পড়ুনঃ রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! অভিনব কায়দায় আদায় প্রায় ২০০ কোটি, গ্রেফতার এজেন্ট
এর মধ্যে ভারত পেনশনার্স সমাজের তরফে দেওয়া স্মারকলিপিতে প্রত্যেক পাঁচ বছর অন্তর বেতন ও পেনশন সংশোধনের দাবি জানানো হয়েছে। তাঁদের দাবি, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পায়। ফলে দীর্ঘ সময় বেতন সংশোধিত না হলে কর্মীদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার উপর প্রভাব পড়তে পারে।
জানিয়ে রাখি, প্রত্যেক পাঁচ বছর অন্তর বেতন সংশোধনের দাবি সপ্তম বেতন কমিশনের কাছেও জানানো হয়েছিল। কিছু সংগঠনের তরফে এই দাবি করে বলা হয়, অতীতে সরকারি ক্ষেত্রের কিছু সংস্থায় প্রত্যেক পাঁচ বছর পর পর বেতন সংশোধনের ব্যবস্থা ছিল। এবার ফের অষ্টম বেতন কমিশনের কাছেও একই দাবি জমা পড়ল।

এখনও এই বিষয়ে অষ্টম বেতন কমিশন কোনও সিদ্ধান্ত নেয়নি। কমিশনের চূড়ান্ত সুপারিশ ও কেন্দ্রের অনুমোদনের পর সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। ফলে ততদিন অবধি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অপেক্ষা করতে হবে।













