বাংলাহান্ট ডেস্ক : জাতীয় সঙ্গীত জনগণমনর মতো এবার সমমর্যাদা পাওয়ার পথে ‘বন্দে মাতরম’ (Vande Matram)। দেশাত্মবোধক সঙ্গীতের ক্ষেত্রে প্রথমেই নাম আসে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সঙ্গীতের। এবার জাতীয় সঙ্গীতের সমতুল মর্যাদা এই সঙ্গীতকেও দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সম্পন্ন হয়েছে বলে খবর।
বন্দে মাতরম (Vande Matram) গান নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের
সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি জানুয়ারি মাসেই হয় এই উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অন্যান্য মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, ওই বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল, সংবিধানে জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানোর যে নিয়ম এবং নির্দেশিকা রয়েছে তা বন্দে মাতরমের ক্ষেত্রেও লাগু করা যায় কিনা। বন্দে মাতরম গাওয়ার সময়, স্থান এবং পদ্ধতি সম্পর্কেও স্পষ্ট নিয়ম নির্ধারণ করা উচিত কিনা তা বৈঠকে আলোচনা হয়।

কী পদক্ষেপ করা হচ্ছে: উল্লেখ্য, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বা চলাকালীন উঠে দাঁড়িয়ে সম্মান জানানো নিয়ম। এর অন্যথায় রয়েছে শাস্তির বিধান। একই আইনি পদক্ষেপ বন্দে মাতরমের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় কিনা সেটাও বৈঠকে খতিয়ে দেখা হয় বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : খুন নাকি নিছক আত্মহত্যা? বেলডাঙার পরিযায়ী শ্রমিক মৃত্যুতে ফাঁস হল ময়না তদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট
গানের ১৫০ বছর পূর্তি: প্রসঙ্গত, ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে ব্যবহৃত হলেও ১৮৭৫ প্রথম প্রকাশিত হয়েছিল বন্দে মাতরম (Vande Matram)। এই গানের ১৫০ বছর পূর্তি হয়েছে সম্প্রতি। এবার এই গানকে বিশেষ সম্মান দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : আমিষ খাবারের অপশন নেই, চড়া দাম দিয়ে খেতে হবে নিরামিষ! বন্দে ভারত স্লিপার নিয়ে কী বলল রেল?
উল্লেখ্য, দেশের সংবিধানে বন্দে মাতরম গানেরও সম মর্যাদা এবং স্বীকৃতি রয়েছে। কিন্তু এই গান গাওয়ার জন্য আলাদা করা কোনও আইনি বাধ্যবাধকতা নেই। এমনকি জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মামলা দায়ের হলেও বন্দে মাতরম গানের অবমাননায় কোনও শাস্তির বিধান তেমন নেই। এবার এ বিষয়ে বড় উদ্যোগ নিতে চলেছে সরকার।












