বাংলা হান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নতুন করে চর্চায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি মন্তব্য। দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। তাতেই শুরু হয়েছে জল্পনা।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ?
তবে কি অভিষেককে গ্রেফতার করার কোনও পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত মামলায় সোমবার ফের তলবের প্রসঙ্গ সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও বেড়েছে। যদিও শুভেন্দুর মন্তব্যের সঙ্গে কোনও নির্দিষ্ট আইনি পদক্ষেপের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
রবিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আগের সরকারের পুজো উদ্বোধনের রীতি নিয়ে কটাক্ষ করেন। তাঁর কথায়, “জোর করে পিতৃপক্ষ পুজোর উদ্বোধন করত। অন্যায় করত। যিনি আনতেন তিনি অন্যায় করতেন।”
সেই সময় উপস্থিত দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করে অভিষেকের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নটি শুনে সরাসরি কোনও ব্যাখ্যায় না গিয়ে শুভেন্দু বলেন, “হবে, হবে। প্রমিস, প্রমিস।” এই উত্তরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তবে মুখ্যমন্ত্রী ঠিক কীসের প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

আরও পড়ুন : লাইফ সার্টিফিকেট জমা নিয়ে বিভ্রান্তি? আধার না থাকলে জেনে নিন উপায়
এর আগে নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারেও শুভেন্দুর মন্তব্য ঘিরে একই রকম আলোচনা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, “হলদিয়াতে আমি যেদিন সার্টিফিকেট নিয়েছিলাম, চার তারিখের মধ্যরাত্রি, সেদিনই বলেছিলাম সব দল থাকবে, এই পার্টির নাম ও নিশান থাকবে না। আজ নামও নেই, নিশানও নেই। এত পাপ ও এত অত্যাচার করেছে, তার সীমা-পরিসীমা নেই। আপনারা সবাই অপেক্ষা করে আছেন, সুমিত রায় সব চোরেরা তো জেলে, বড় চোর কবে যাবে? বড় চোরও জেলে যাবে। এতটুকু বিচলিত হবেন না।” সেই বক্তব্যে ‘বড় চোর’ বলতে কাকে বোঝানো হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। এবার পুজোর মঞ্চে দেওয়া নতুন মন্তব্যকে ঘিরেও সেই বিতর্ক ফিরে এসেছে।














