বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ‘বেস্ট অব অল টাইম’ (BOAT) খেতাব জেতার পরের দিনই আগুনে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগে (Saudi Pro League) তার দল আল নাসের সরাসরি খেতাব জয়ের দৌড়ে রয়েছে। গতকাল রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে আল খালুদের মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। রোনাল্ডোর হ্যাটট্রিকে ভর করে সেই ম্যাচে ৫-৩ ফলে জয় পেলো আল নাসের (Al Nassr)।
রোনাল্ডোর এদিনের হ্যাটট্রিকটি ছিল বিশেষ। একজন ফুটবলার ফুটবল মাঠে যেভাবে গোল করতে পারেন সবভাবেই এদিন গোল করেন রোনাল্ডো। নিজের প্রথম গোলটি এদিন বাঁ-পায়ে করেন পর্তুগিজ মহাতারকা। এরপরের গোলটি আসে দুরন্ত হেডে। শেষ গোলটি আসে তার ডান পায়ের শট থেকে। নিজের পেশাদারি কেরিয়ারের ১১ তম পারফেক্ট হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সিআরসেভেন।

এদিন তার প্রথম দুটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। অপরদিকে তার তৃতীয় গোলটি আসে সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানের পাস থেকে। এইমুহূর্তে পর্তুগিজ মহাতারকার নামের পাশে রয়েছে ৯৮৫ গোল। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে গেলে আর মাত্র ১৫ গোল করতে হবে তাকে।
আরও পড়ুন: এল ক্লাসিকোতে জোড়া গোল! বার্সেলোনার বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের ১০০ গোল পূর্ণ
তার আগের রাতেই ‘বেস্ট অব অল টাইম’ পুরস্কার জেতেন রোনাল্ডো। ব্যালন ডি’অর পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে চালু করা হয় এই বোট খেতাবের জন্য বিশেষ ভোটের আয়োজন। এই নির্দিষ্ট খেতাবটির জন্য মনোনীত হয়েছিলেন সেই ফুটবলাররা, যারা নিজেদের কেরিয়ারে একাধিক বছর ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন। আর এই নির্দিষ্ট পুরস্কারটির জন্য কোনও ক্রীড়া সাংবাদিক বা কোনও দেশের কোচ বা অধিনায়ক নন, ভোট দেওয়ার সুযোগ পান সমর্থকরা।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের অফিসিয়াল ওয়েবসাইটে ১লা অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল সমর্থকরা। প্রতিটি ভোটের জন্য তাদের খরচ করতে হয়েছে ১ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০৭ টাকা। এই ভোটিংয়ে অংশ নিয়েছিলেন ৫ হাজার ৯ জন। বুধবার রাতে প্রকাশিত ফল অনুযায়ী, সবার ওপরে জায়গা করে নেয় ক্রিশ্চিয়ানোর ২০০৮ সালের খেতাব জয়ী মরশুমটি। দ্বিতীয় স্থান পেয়েছেন মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর জয়। তৃতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২০১৭ সালের পুরস্কার।












