বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জনপ্রিয় তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর মন্দির ও কালীঘাট মন্দির। এবার এই দুই স্থানই ট্রাম পরিষেবার (Dakshineswar-Kalighat Tram) মাধ্যমে জুড়তে চলেছে। বুধবার এই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। একইসঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনা ও যানজট এড়াতে ট্রাম চলাচলের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে।
দক্ষিণেশ্বর-কালীঘাট ট্রাম পরিষেবা শুরু করবে রাজ্য | (Dakshineswar-Kalighat Tram)
এদিন পার্ক স্ট্রিটের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেখানেই তিনি জানান, দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি রাজারহাট-নিউটাউনেও ট্রাম পরিষেবা শুরু করা হবে। এই নিয়ে ‘রাইটস’এর সঙ্গে সরকারের কথাবার্তা হয়েছে।
আরও পড়ুনঃ যে কোনও সময় গ্রেফতার করতে পারে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল
ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি ট্রাম চলাচলের নিয়মে বড় পরিবর্তনের কথাও ঘোষণা করেছেন অর্জুন। রাজ্যের মন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের আমলে রাস্তার মাঝখান দিয়ে ট্রাম চলাচল করত। সেই কারণে বাস সহ যানবাহন চলাচলের সমস্যা হত। দুর্ঘটনাও ঘটত। তাই এবার থেকে রাস্তার বাঁ দিক দিয়ে ট্রাম চলবে।“
এদিন সরকারি বাসের সংখ্যা বাড়ানো নিয়েও বড় আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, “বর্তমানে পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস নেই। পরিস্থিতি ভীষণ খারাপ আমরা জানি। ৪ মাস আগে ৬০টি বাস এসেছিল, সেগুলি এখন রাস্তায় চলছে। তবে দ্রুত আরও ৪৭০টি নতুন সরকারি বাস আনার চেষ্টা করা হচ্ছে”।

ট্রাম পরিষেবা নিয়ে রাজ্য সরকার যে বেশ কিছু ভাবনাচিন্তা করছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন। কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহর কলকাতায় দ্রুতগামী ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে। এবার দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম চালু সহ একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। এতে কলকাতার পরিবহণ ব্যবস্থায় আমূল বদল আসতে পারে বলে মনে করছেন অনেকে।













