বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। অনেকেই ভেবেছিলেন গত ৫ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের রায়েই হয়তো মামলার নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আদালতের সেই রায় ছিল অন্তর্বর্তীকালীন, অর্থাৎ মামলার চূড়ান্ত সমাধান এখনো অনেকটাই বাকি। কেন মামলার নিষ্পত্তি হয়নি, কোন কোন আইনি প্রশ্ন এখনও অমীমাংসিত এবং আগামী দিনে কী হতে চলেছে সবকিছু নিয়েই নতুন করে শুরু হয়েছে আলোচনা।
৫ ফেব্রুয়ারির রায় কি চূড়ান্ত ছিল (Dearness Allowance)?
সহজ ভাষায় বললে একেবারেই না। গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, অনেকেই সেটিকে চূড়ান্ত রায় ভেবে নিয়েছিলেন। কিন্তু আদালতের নথি এবং আইনজ্ঞদের বক্তব্য অনুযায়ী, সেই রায় ছিল কেবল অন্তর্বর্তীকালীন। অর্থাৎ ডিএ মামলার (Dearness Allowance) আইনি লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি। সুপ্রিম কোর্টের ওই রায় মামলার একটি ধাপমাত্র। মূল বিচারপ্রক্রিয়া এখনো চলমান। মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক জটিল আইনি প্রশ্ন, যার সবগুলোর উত্তর এখনো মেলেনি। আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় মোট ২৬টি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন বা ‘ল অফ কোয়েশ্চেন’ তৈরি হয়েছিল। প্রশ্নগুলি ছিল –
- মামলার আবেদনকারী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল ১৬টি প্রশ্ন
- সরকারি কর্মচারী পক্ষের তরফে ছিল আরও ১০টি প্রশ্ন
৫ ফেব্রুয়ারির শুনানিতে এই ২৬টি প্রশ্নের মধ্যে মাত্র ১৩টির নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ আরও ১৩টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো বাকি রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত মামলার পূর্ণাঙ্গ নিষ্পত্তি সম্ভব নয়। সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী ধাপগুলোর জন্য স্পষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আপাতত সরকারি কর্মচারীদের নজর রয়েছে দুটি বিশেষ তারিখের দিকে। তারিখ দুটি হল –
৬ মার্চ: এই দিন সুপ্রিম কোর্টের গঠিত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকার আদালতের নির্দেশ কতটা মান্য করছে, কর্মচারীদের বকেয়া ডিএ-এর হিসাব কী অবস্থায় রয়েছে, সবকিছুই এই রিপোর্টে উঠে আসবে।
১৫ এপ্রিল: এই দিন মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। বাকি থাকা ১৩টি আইনি প্রশ্নের শুনানি ও নিষ্পত্তির বিষয়ে এই দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনেকের মতে, এই তারিখেই মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ স্পষ্ট হবে।
ডিএ (Dearness Allowance) মামলার শুনানিতে কর্মচারী পক্ষের হয়ে জোরালো সওয়াল করেছেন দেশের কয়েকজন নামী সিনিয়র আইনজীবী রউফ রহিম, পি এস পাটোয়ালিয়া, করুণা নন্দী এবং নচিকেতা যোশী। আদালতও তাঁদের আইনি ব্যাখ্যা ও যুক্তির প্রশংসা করেছে। অন্যদিকে রায় ঘোষণার সময় রাজ্য সরকারের পক্ষে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে উপস্থিত থাকতে দেখা যায়নি, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বিচারপতি কারোল তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন, আদালত সরকারি কর্মচারীদের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সুবিচার নিশ্চিত করতে তারা দায়বদ্ধ।

আরও পড়ুনঃ নিজের জেলায় ৩ বছরের বেশি থাকলেই বদলি! কড়াকড়ি শুরু
আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলা শুধু ডিএ (Dearness Allowance) পাওয়ার লড়াই নয়, বরং এটি দেশের চাকরি সংক্রান্ত আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। ‘সমকাজে সমবেতন’, কর্মচারীদের ন্যায্য অধিকার এবং রাজ্যের আর্থিক দায়বদ্ধতার মতো বিষয়গুলো এই মামলার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। এখন ৬ মার্চের রিপোর্ট এবং ১৫ এপ্রিলের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। ওই দুই দিনই ঠিক করে দেবে ডিএ মামলার ভবিষ্যৎ কোন পথে এগোবে।












