‘কিছু তো পরিবর্তন হবেই! যাদবপুরে শেষ লড়াই চলছে”, বিস্ফোরক দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh comments on Jadavpur University Incident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর কাণ্ডের (Jadavpur University) জেরে বিগত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা। কি বললেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)? চলুন দেখে নেওয়া যাক।

যাদবপুরের ঘটনা প্রসঙ্গে নিজের মত জানালেন দিলীপ ঘোষ

প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বললেন, ‘পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া, শব্দ টব্দ হয়। আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পারকিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। যাদবপুরটা তো এক্সেপশনাল। ওটা একটা আইল্যান্ডের মত। ওখানকার যারা রাজনীতি করে, আন্দোলন করে তারা ভাবে এটা ভারতবর্ষের  বাইরের কোনো একটা জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতি-নীতি চলবে না। কথাবার্তা, স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে, এটা তো বেশি দিন হতে পারে না। কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে। দেখা যাক কি হয়।’

শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের অধ্যাপক থেকে শুরু করে ভাইস চ্যান্সেলরকে গ্রেফতার করার প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বললেন, ‘এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে। আর যারা এটা অপারেট করেন, তারা ভাবছে এই রকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গিয়েছে, জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা এসবগুলো করেন, সেখানে পরিবর্তন হয়েছে। দিল্লি ইউনিভার্সিটিও পাল্টে গেছে।’ একইসাথে বিজেপি নেতার দাবী, ‘এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে তার পরিবর্তন চাই।’

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের গর্ব! পটচিত্রের দ্বারা শেখানোর জন্য জাতীয় পুরস্কার পেলেন শান্তনু

অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিতে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ‘অভ্যাস হয়ে গিয়েছে লক্ষী ভান্ডারের টাকা নিয়ে। কিন্তু তাদের বোঝা উচিত সব সুবিধা সকলের জন্য নয়। কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে । তার একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। তার মধ্যে যারা আসবেন তারা পাবেন।  দান মনে করে সবাই পাবেন, এটা হবে না। এই অভ্যাস খারাপ করেছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে এটা চলতে পারে না।’

প্রসঙ্গত তৃণমূল নেতা কুনাল ঘোষকে গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এপ্রসঙ্গে রসিকতা করে  দিলীপ ঘোষ এদিন বললেন, ‘প্র্যাকটিস করছেন বোধহয়। জানেন না কেমন লাগে গেরুয়া। নীল-লাল-সবুজ হয়ে গেছে, গেরুয়া টা দেখছেন কেমন হয়।’