বাংলাহান্ট ডেস্ক : মেট্রো (Kolkata Metro) বিভ্রাট যেন আর পিছুই ছাড়ছে না যাত্রীদের। এতদিন ব্লু লাইনে লাগাতার ভোগান্তির জেরে অভিযোগ চরমে উঠেছিল যাত্রীদের। এবার সমস্যা দেখা দিল ইস্ট ওয়েস্ট মেট্রোতে। সেন্ট্রাল পার্ক স্টেশনে হঠাৎ করেই ব্যাহত হয় মেট্রো চলাচল। সেক্টর ফাইভের দিকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই মুহূর্তে আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর।
আবারও সমস্যার মুখে কলকাতা মেট্রো (Kolkata Metro)
জানা যাচ্ছে, সিগন্যালিংয়ে সমস্যা হয় ইস্ট ওয়েস্ট লাইনে। যার জেরে হঠাৎ সেন্ট্রাল পার্ক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। সিগন্যালে বিভ্রাটের জেরে সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা ছিল স্বাভাবিক।

ভোগান্তির মুখে যাত্রীরা: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইঞ্জিনিয়াররা। দ্রুত শুরু হয় মেরামতের কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ টা ৩২ থেকে আবারও স্বাভাবিক হয়েছে পরিষেবা। তবে অফিস এবং স্কুল কলেজ ফেরত যাত্রীদের রীতিমতো ভোগান্তির এক শেষ হয়। একজন যাত্রী অভিযোগ করেন, কী সমস্যা হয়েছে কিছুই জানানো হয়নি। এমনকি টিকিটের টাকাও অর্ধেক ফেরত দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ব্লু লাইনে হয় সমস্যা: প্রসঙ্গত, কলকাতা মেট্রোতে (Kolkata Metro) বিভ্রাট যেন এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটটি হল সবথেকে পুরনো। একই সঙ্গে এই লাইনেই সবথেকে বেশি থাকে যাত্রীদের ভিড়। আর এই লাইনেই সবথেকে বেশি সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন : মঙ্গল নাকি বুধবার, রাজ্যে দোলের সরকারি ছুটি কবে? জানিয়ে দিল প্রশাসন
তবে এদিন ইস্ট ওয়েস্ট মেট্রোতে বিভ্রাটের জেরে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। যদিও মেরামতির পর বর্তমানে সমগ্র রুটেই মেট্রো ঠিকভাবে চলছে বলে খবর।












