বাংলা হান্ট ডেস্ক : দুর্ঘটনা কিংবা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যুতে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই ঝুঁকি কমাতেই সাধারণ মানুষের জন্য স্বল্প প্রিমিয়ামে দুটি সামাজিক সুরক্ষা বিমা প্রকল্প (Central Government Scheme) চালু করেছে কেন্দ্র সরকার। খুব অল্প খরচে মোটা টাকার বিমা কভার পাওয়ার সুযোগ থাকছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) বর্তমানে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে অন্যতম নির্ভরযোগ্য বিমা প্রকল্প হিসেবে পরিচিত।
কেন্দ্রের এই প্রকল্পের (Central Government Scheme) সুবিধা কি ?
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) দুর্ঘটনাজনিত আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পে বছরে মাত্র ২০ টাকা প্রিমিয়াম জমা দিলেই একজন গ্রাহক সর্বোচ্চ ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুবিধা পেতে পারেন। অতি সামান্য খরচে এত বড় কভারেজ পাওয়ার কারণেই সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। ইতিমধ্যেই ৫৮ কোটিরও বেশি মানুষ এই বিমায় নাম লিখিয়েছেন।
কেন্দ্রের আর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)। এটি মূলত জীবন বিমা প্রকল্প, যেখানে বছরে ৪৩৬ টাকা প্রিমিয়াম দিতে হয়। অর্থাৎ, প্রতিদিনের হিসাবে খরচ দাঁড়ায় প্রায় ১.৫০ টাকা। এই প্রকল্পে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তাঁর মনোনীত নমিনি ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান।
ইতিমধ্যেই এই বিমা প্রকল্পের আওতায় দেশের প্রায় ১১ লক্ষ পরিবারকে মোট প্রায় ২২ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যাঁরা PMSBY অথবা PMJJBY-এ নাম নথিভুক্ত করতে চান, তাঁরা নিজের ব্যাঙ্ক শাখা, বিজনেস করেসপন্ডেন্ট (BC) পয়েন্ট কিংবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের অনলাইন পরিষেবার মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন :আরজি কর কাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ! আরও বাড়ানো হল বিনীত সহ ৩ আইপিএসের সাসপেনশন
পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে নিকটবর্তী পোস্ট অফিস থেকেও এই সুবিধা নেওয়া যায়। প্রতি বছর নির্ধারিত সময়ে প্রিমিয়ামের টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। খুব কম খরচে বড় অঙ্কের বিমা সুরক্ষা পাওয়ার সুযোগ থাকায় কেন্দ্রের এই দুই প্রকল্প এখনও সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে গুরুত্ব পাচ্ছে।













