বাংলা হান্ট ডেস্ক: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে একের পর এক প্রশ্নের উদ্রেক ঘটছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মধ্যে। তাঁদের সবচেয়ে বড় প্রশ্ন হল, অষ্টম বেতন কমিশনের মাধ্যমে বেতনে কতটা বৃদ্ধি হবে এবং তাঁরা কত বকেয়া তথা এরিয়ার পাবেন। দ্য ইকোনমিক টাইমস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, যদি ২০ মাসের এরিয়ার পরিশোধ করা হয়, সেক্ষেত্রে ৫০,০০০ টাকার কম মূল বেতনের কর্মচারীরা ৩.৬ লক্ষ টাকা থেকে প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার পেতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে, এই সমস্ত পরিসংখ্যানই আনুমানিক। কারণ সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বিভিন্ন লেভেলে কত এরিয়ার পাওয়া যেতে পারে:
যদি আমরা লেভেল ১ থেকে লেভেল ৮ পর্যন্ত কর্মচারীদের বিবেচনা করি, সেক্ষেত্রে বকেয়ার পরিমাণে একটি উল্লেখযোগ্য পার্থক্য হতে পারে। উদাহরণস্বরূপ, লেভেল ১-এর কর্মচারীরা (মূল বেতন ১৮,০০০ টাকা) আনুমানিক ৩.৬ লক্ষ টাকা থেকে ৫.৬৫ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার পেতে পারেন। অন্যদিকে, লেভেল ৩ কর্মচারীদের ক্ষেত্রে এটি ৪.৩৪ লক্ষ থেকে ৬.৮১ লক্ষ টাকা, লেভেল ৫ কর্মচারীদের ক্ষেত্রে ৫.৮৪ লক্ষ থেকে ৯.১৬ লক্ষ টাকা এবং লেভেল ৮ (মূল বেতন ৪৭,৬০০ টাকা) কর্মচারীদের ক্ষেত্রে এরিয়ার প্রাপ্তি ৯.৫২ লক্ষ থেকে প্রায় ১৪.৯৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কীভাবে এই হিসেবটি করা হয়েছে: আসলে, এই সম্ভাব্য অনুমান ২০ মাসের বকেয়া এবং বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে করা হয়েছে। জানিয়ে রাখি যে, বেতন বৃদ্ধি নির্ধারণের প্রধান ভিত্তি হল ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এটি ছিল ২.৫৭। যেখানে অষ্টম বেতন কমিশনের জন্য ২.০ থেকে ২.৫৭ পর্যন্ত বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। এদিকে, কিছু কর্মচারী সংগঠন ৩.০ থেকে ৩.২৫ পর্যন্ত বৃদ্ধিরও দাবি করছে। অনুমান করা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত হলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এরিয়ার পরিশোধ করা যেতে পারে। কারণ সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। তবে, এর বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।
আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে ভারতের T20 সিরিজের ঘোষণা! এই দেশে ৩ টি ম্যাচ খেলবে সূর্যবাহিনী
কর্মচারী সংগঠনগুলির দাবি: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই একাধিক কর্মচারী সংগঠন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ বা তার বেশি করার দাবি জানাচ্ছে। যার ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ইউনিট ৩ থেকে বাড়িয়ে ৫ করারও দাবি করছে। যা মূল বেতন আরও বাড়িয়ে দিতে পারে। তবে, এই সমস্ত প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে।
আরও পড়ুন: সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়াই হল কাল? ১৯ বছরের কুস্তিগীরের প্রকাশ্যে ফাঁসি ইরানে
সামগ্রিকভাবে, অষ্টম বেতন কমিশনের বর্তমান পূর্বাভাসগুলি বাস্তবায়িত হলে, ৫০,০০০ টাকার কম মূল বেতনের কর্মচারীরা উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন এবং তাঁরা লক্ষ লক্ষ টাকার এরিয়ার ও একটি বড় অঙ্কের বেতন বৃদ্ধি পেতে পারেন। তবে এই ব্যাপারে নির্দিষ্টভাবে জানার জন্য আনুষ্ঠানিক ভাষার অপেক্ষা করতে হবে।
(সতর্কীকরণ: প্রতিবেদনে এই পরিসংখ্যানগুলি শুধুমাত্র আনুমানিক। সরকার এখনও অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি অনুমোদন করেনি এবং ফিটমেন্ট ফ্যাক্টরও নির্ধারণ করেনি। এমন পরিস্থিতিতে, চূড়ান্ত পরিসংখ্যান এর থেকে ভিন্ন হতে পারে)












