বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া সম্পত্তি কর (Property Tax) আদায়ে আগেই সুদ ও পেনাল্টিতে ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এবার সেই পথেই হাঁটল হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। পুজোর আবহে এবার হাওড়া পুরসভায় সম্পত্তি করের ওয়েভার স্কিম চালু হতে চলেছে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই করদাতারা বকেয়া সম্পত্তি কর মেটাতে পারবেন।
বকেয়া সম্পত্তি করের সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুব | (Howrah Municipal Corporation)
মঙ্গলবার হাওড়া পুরসভার তরফ থেকে সম্পত্তি করে ওয়েভার স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট সময় অবধি বকেয়া থাকা সম্পত্তি করের উপর জমা হওয়া সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুব করা হবে। আবাসিক সম্পত্তির ক্ষেত্রে যোগ্য করদাতারা মূল করের উপর আরও ১০ শতাংশ ছাড় পাবেন।
আরও পড়ুনঃ পুজোর আগেও মিলল না স্বস্তি! বিচারপতি সরে দাঁড়ানোয় হাইকোর্টে ঝুলে রইল শাহজাহানের জামিন মামলা
এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক অবধি বকেয়া থাকা সুদ ও জরিমানা মকুব করা হবে। পুর এলাকায় প্রায় লক্ষাধিক করদাতা এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বকেয়া সম্পত্তি খাতে আদায় বাড়িয়ে পুরসভার রাজস্ব ভাণ্ডারও আরও মজবুত হবে।
হাওড়া পুর এলাকার করদাতারা অনলাইন ও অফলাইন দু’ভাবেই বকেয়া সম্পত্তি কর মেটাতে পারবেন। কারোর যদি অনলাইনে বকেয়া কর মেটাতে সমস্যা হয়, তাহলে সরাসরি পুরসভায় গিয়েও এই কাজ করা যাবে।

আধিকারিকরা জানিয়েছেন, সম্পত্তি করে ওয়েভার স্কিমের এই উদ্যোগের লক্ষ্য মূলত দু’টি। প্রথমত, দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর আদায় করা ও দ্বিতীয়ত, নাগরিকদের কর পরিশোধে উৎসাহ দেওয়া। হাওড়া পুরসভায় বহুদিন ধরে প্রচুর পরিমাণ সম্পত্তি কর বকেয়া রয়েছে। সেই কর আদায়ের মাধ্যমে পুরসভার অর্থনৈতিক ভিত মজবুত করা ও নাগরিক পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে কলকাতা পুরসভার তরফেও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার) স্কিম ২০২৬ আনা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, যাবতীয় সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত মালিকানার সম্পত্তি ও সরকারের আন্ডারটেকিং সম্পত্তিতে বকেয়া করের ক্ষেত্রে সুদ ও পেনাল্টিতে ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।













