বাংলাহান্ট ডেস্ক : প্রকাশিত হল ২০২৬ এর বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার একদিন পর এবারের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে একাধিক তারকা প্রার্থী, নতুন মুখদের নাম থাকলেও দেখা যায়নি ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) নাম। আর তারপরেই নিন্দুকদের বিরুদ্ধে আসরে নামলেন সঙ্গীতশিল্পী।
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে মুখ খুললেন ইমন (Iman Chakraborty)
গত কয়েক মাস ধরেই ইমনকে নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। সরকারপক্ষের জন্য উন্নয়নের পাঁচালী গেয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লাগাতার সমালোচনা শুনতে হয়েছে ইমনকে। এমনকি বঙ্গ বিভূষণ সম্মান পাওয়া নিয়েও কম ট্রোল হতে হয়নি তাঁকে।

অনেকদিন ধরে চলছে ট্রোলিং: সমালোচনা এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইমন। যদিও তারপর মুখ্যমন্ত্রীর কথায় ফের সামাজিক মাধ্যমে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এরপরেই গুঞ্জন আরও জোরালো হয় যে, এবারের প্রার্থী তালিকায় নাম থাকতে পারে ইমনের (Iman Chakraborty)। কিন্তু এবার তৃণমূলের তরফে তালিকা ঘোষণা হতেই পালটা সমালোচকদের একহাত নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী।
আরও পড়ুন : গঙ্গাসাগর যাওয়া এখন আরও সহজ, মুড়িগঙ্গার উপর তৈরি হচ্ছে সেতু, প্রকাশ্যে প্রথম নকশা
কী লিখলেন ইমন: সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে তীক্ষ্ণ কটাক্ষ শানিয়ে ইমন লিখেছেন, ‘বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন। ধন্যবাদ’।
আরও পড়ুন : ফের ‘অ্যাকশন’ কমিশনের! রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল, সরানো হল ডিসি সেন্ট্রালকেও
প্রসঙ্গত, এর আগে তৃণমূলে যোগদান তথা সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে ইমন জানিয়েছিলেন, তাঁর কাছে এমন কোনও খবর নেই। এই ধরণের আলোচনা কেন উঠছে তাও তিনি জানেন না। এর জন্য তাঁর কেরিয়ারেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন ইমন।












