ফের ‘অ্যাকশন’ কমিশনের! রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল, সরানো হল ডিসি সেন্ট্রালকেও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে বাংলায়। আর তারপরেই বিভিন্ন প্রশাসনিক পদে একাধিক রদবদল ঘটাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট ঘোষণার দিন মধ্যরাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে অদলবদল করে কমিশন। এবার মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদে রদবদল করা হয়েছে কমিশনের তরফে।

রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল কমিশনের (Election Commission)

কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকজন আইপিএস কর্তাদের বদলি এবং নিয়োগ করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজেশ কুমার সিংহকে এডিজি এবং আইজিপি দক্ষিণবঙ্গ অঞ্চল হিসেবে নিযুক্ত করা হয়েছে। কে জয়রামনকে নিযুক্ত করা হয়েছে এডিজি এবং আইজিপি উত্তরবঙ্গ হিসেবে।

Kolkata Police sp and police commissioner changed by election commission

নিযুক্ত নতুন পুলিশ কমিশনার: বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল-দূর্গাপুরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রণব কুমার। অখিলেশ কুমার চতুর্বেদীকে নিযুক্ত করা হয়েছে হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত কুমার সিংহ। চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবে সুনীল কুমার যাদবকে নিযুক্ত করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই পুলিশ কর্তাদের যোগদান সংক্রান্ত একটি রিপোর্ট ১৮ মার্চ সকাল ১১ টার মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন : বিকাশরঞ্জন-মীনাক্ষী থেকে দীপ্সিতা, রয়েছেন মৃত তমন্নার মা-ও, প্রার্থী তালিকায় চমক বামেদের

১২ জেলার এসপি বদল: এখানেই শেষ নয়। সরানো হয়েছে কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় আনা হয়েছে ২০১৫ সালের আইপিএস ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ টি জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার করা হয়েছে পুস্পাকে। কোচবিহারের পুলিশ সুপার করা হয়েছে জসপ্রীত সিংহকে। বীরভূমের নতুন এসপি হয়েছেন সূর্যপ্রতাপ যাদব।

আরও পড়ুন : গঙ্গাসাগর যাওয়া এখন আরও সহজ, মুড়িগঙ্গার উপর তৈরি হচ্ছে সেতু, প্রকাশ্যে প্রথম নকশা

কমিশনের (Election Commission) বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ সিংহকে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন ইশানি পাল। হুগলি রুরালের এসপি কুমার সানি রাজ। মুর্শিদাবাদ পুলিশ জেলার নতুন এসপি নিযুক্ত হয়েছেন সচিন। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন অলকানন্দ ভাওয়াল। মালদহের নতুন এসপি নিযুক্ত হয়েছেন অনুপম সিংহ। জঙ্গিপুরের নতুন এসপি হচ্ছেন সুরেন্দর সিংহ। এছাড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি হচ্ছেন যথাক্রমে অংশুমান সাহা এবং পাপিয়া সুলতানা।