বাংলাহান্ট ডেস্ক: ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত (India)। রবিবার বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার শিকার হওয়া ‘জিএফএস গ্যালাক্সি’ নামের পণ্যবাহী জাহাজে মোট ১১ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, একজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাবিকের সন্ধানে ওমানের (Oman) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে জোরকদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ভারতীয় দূতাবাসও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং উদ্ধার অভিযানের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
ওমান উপকূলে ভারতীয় জাহাজে ইরানে হামলা নিয়ে তীব্র নিন্দা জানলো ভারত (India)
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওমান উপকূলের কাছে ‘জিএফএস গ্যালাক্সি’ জাহাজটিকে লক্ষ্য করে ইরানি বাহিনীর পক্ষ থেকে একটি ‘সতর্কতামূলক গুলি’ ছোড়া হয়। সেই ঘটনার জেরেই জাহাজে বিপত্তি তৈরি হয় এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর এই হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং ভারত এর তীব্র নিন্দা করছে। একইসঙ্গে তিনি জানান, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে একজন নাবিকের এখনও কোনও খোঁজ না মেলায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত সরকার তাঁর দ্রুত সন্ধান এবং নিরাপদ উদ্ধারের আশায় ওমান প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে (India)।
আরও পড়ুন: রাতেও মিলবে সূর্যের আলো! বিজ্ঞানীদের সতর্কতা অগ্রাহ্য করে মহাকাশে আয়না বসানোর অনুমতি আমেরিকার
নয়াদিল্লি জানিয়েছে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমান সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিখোঁজ নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মতে, সংকটের এই সময়ে দুই দেশের প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত নাবিকদের পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে আরব সাগর, লোহিত সাগর এবং সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলির উপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে এই ধরণের হামলা শুধু সংশ্লিষ্ট জাহাজ বা নাবিকদের জন্যই নয়, বিশ্ব বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা, জ্বালানি পরিবহণ এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই অঞ্চলে উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এখন অত্যন্ত জরুরি বলে মনে করছে ভারত।

আরও পড়ুন: ভারতের ওপর ফের ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার! কী বার্তা দিল নয়াদিল্লি?
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা প্রতিটি দেশের দায়িত্ব। অসামরিক পরিকাঠামো এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে যেকোনও ধরনের উস্কানিমূলক হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ভারত সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। নয়াদিল্লির মতে, সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। একইসঙ্গে নিখোঁজ ভারতীয় নাবিকের দ্রুত সন্ধান এবং নিরাপদ প্রত্যাবর্তনই এখন ভারতের (India) কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।













