বাংলা হান্ট ডেস্কঃ রেলের যাত্রীদের জন্য বড় খবর। পাঁচ জোড়া অর্থাৎ মোট ১০টি ট্রেনের ‘সুপারফাস্ট’ তকমা তুলে নেওয়া হয়েছে। এর ফলে আগামী ১৩ এপ্রিল থেকে ওই ট্রেনগুলির ভাড়া কিছুটা কমে যেতে পারে। সংসদীয় কমিটির তিরস্কারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।
তকমা সরানোর সাথে ভাড়া কমবে (Indian Railways)
এতদিন এই ট্রেনগুলিকে সুপারফাস্ট বলে দেখানো হত। সেই কারণে যাত্রীদের থেকে আলাদা করে চার্জ নেওয়া হত। ফলে টিকিটের দাম বেশি পড়ত। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, সুপারফাস্ট ট্রেন হিসেবে যে গতিতে চলার কথা, তা পূরণ করতে পারছে না এই ট্রেনগুলি। রেল কর্তৃপক্ষ তথ্য খতিয়ে দেখে বুঝেছে, শর্ত পূরণ না করেই সুপারফাস্ট তকমা রাখা হয়েছিল। তাই কমিটির চাপে শেষ পর্যন্ত সেই তকমা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, তকমা চলে যাওয়ায় এই ট্রেনগুলিকে আগের মতো অগ্রাধিকারও দেওয়া হবে না।
কতটা কমবে ভাড়া?
১৩ এপ্রিল থেকে ভাড়ায় প্রায় ৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমতে পারে।
- স্লিপার ক্লাসে প্রায় ৮ শতাংশ কমতে পারে।
- এসি-২ ও এসি-৩ টিয়ারে প্রায় ৪ শতাংশ কমতে পারে।
- এসি ফার্স্ট ক্লাসে প্রায় ২ শতাংশ কমতে পারে।
- জেনারেল কোচে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমতে পারে।
সুপারফাস্ট সারচার্জ না থাকায় এই ভাড়া কমবে।
কোন কোন ট্রেনের তকমা গেল?
এই ১০টি ট্রেনের প্রত্যেকটির সঙ্গেই পশ্চিমবঙ্গের যোগাযোগ রয়েছে। হাওড়া থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করে ট্রেনগুলি। তালিকায় রয়েছে—
- বিভূতি এক্সপ্রেস (হাওড়া-প্রয়াগরাজ রামবাগ)
- নেতাজি এক্সপ্রেস (হাওড়া-কালকা)
- উপাসনা এক্সপ্রেস (হাওড়া-দেরাদুন)
- কুম্ভ এক্সপ্রেস (হাওড়া-দেরাদুন)
- হিমগিরি এক্সপ্রেস (হাওড়া-জম্মু তাওয়াই)

আরও পড়ুনঃ নিয়োগ বিতর্কের পর বড় কড়া SSC, গ্রুপ সি-ডি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের
সব মিলিয়ে, সুপারফাস্ট তকমা তুলে নেওয়ায় যাত্রীরা এবার কিছুটা কম ভাড়ায় এই ট্রেনগুলিতে সফর করতে পারবেন। নতুন ভাড়া কার্যকর হতে পারে ১৩ এপ্রিল থেকে (Indian Railways)।













