বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের খাবারের গুণগত মানোন্নয়নের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ট্রেনের ভেতরে এবং রেলস্টেশনের ক্যাটারিং ইউনিটগুলিতে খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে আইআরসিটিসি (IRCTC)। এবার খাবারের গুণমান পরীক্ষা করতে চালু হচ্ছে স্বাধীন থার্ড পার্টি অডিট।
ট্রেনের খাবারের গুণমান উন্নতিতে (IRCTC) নজর
আইআরসিটিসির তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ব্যবস্থার আওতায় প্রশিক্ষিত বিশেষজ্ঞরা বিভিন্ন ট্রেনগুলির ক্যাটারিং পরিষেবা এবং স্টেশনের খাবারের ইউনিটগুলিতে আচমকা পরিদর্শন চালাবেন। ৩ মাস ও ৬ মাস অন্তর হবে অডিট।

কী কী খতিয়ে দেখা হবে: রান্নার পরিবেশন, পরিচ্ছন্নতা, খাবারের গুণমানের ক্ষেত্রে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে খবর। কোনোরকম অনিয়ম ধরা পড়লেই সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : পড়ুয়াদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ, স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের
ব্যবহার হবে ডিজিটাল প্রযুক্তি: আরও জানা যাচ্ছে, অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হবে। পরিদর্শকদের মোবাইল অ্যাপের মাধ্যমে লোকেশন, সময়, ছবি সহ প্রমাণ সংগ্রহ করতে হবে। পরিদর্শনের ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে রিপোর্ট (IRCTC)।
আরও পড়ুন : প্যান্ডেল হপিংয়ের তাড়া? ষষ্ঠীর নিরামিষের জন্য রইল চটজলদি মেথি আলুর তরকারি, দেখে নিন রেসিপি
খাবারের গুণমানের পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। ক্যাটারিং কর্মীদের মেডিকেল ফিটনেস, সুরক্ষামূলক পোশাক ব্যবহার, পেশাদার আচরণবিধি মানা হচ্ছে কিনা তা পরীক্ষা করা হবে। এছাড়া আমিষ ও নিরামিষ খাবারের কাঁচামাল আলাদা রাখা, খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা এবং কীটপতঙ্গের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলেও খবর।














