বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দিনে দিনে ভারতীয় দলে (Indian Cricket Team) নিজেকে অপরিহার্য করে তুলছেন লোকেশ রাহুল (KL Rahul)। যেদিন থেকে তিনি ওডিআই ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিং আরম্ভ করেছেন সেদিন থেকে খুব কম সময়ই এমন হয়েছে যে নিজের কাজটা সঠিক ভাবে করতে ব্যর্থ হয়েছেন। এবার ভারতকে রান তাড়া করে ম্যাচ জেতানোর রেকর্ডে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) সহ আরও বেশ কিছু তারকার এক অভিনব কীর্তি ছুঁয়েছেন।
ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে রান তাড়া করতে নেমে ১৬ বার নট-আউট থেকেছেন রাহুল। আর এই ১৬ বারই ভারতীয় দল জিতে মাঠ ছেড়েছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে কেবলমাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই ফরম্যাটে অন্তত ১৫ বা তার বেশিবার নট-আউট থেকে দলকে একটিও ম্যাচ হারতে না দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ড কেবলমাত্র ছিল তিন ভারতীয় তারকার। শচীন টেন্ডুলকার (২৬), যুবরাজ সিং (২৭) এবং সুরেশ রায়না (২৮) এই তালিকায় তার থেকে এগিয়ে আছেন। রান তাড়া করতে নেমে তারা নট-আউট থাকলে ভারত কোনওদিন ম্যাচ হারেনি।

লোকেশ রাহুলের গুরুত্ব কতটা, তা প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই জানেন। কিন্তু তারপরেও আরও একবার সাংবাদিক সম্মেলনে এসে সেই কথা বুঝিয়ে দিয়ে গেলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। রাহুলকে নিয়ে করা তার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোটাক নিজের বক্তব্যের মধ্যে দিয়ে রাহুল কেন ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন, সেটাও বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি
কোটাক নিজের বক্তব্যে উল্লেখ করেন, “লোকেশ রাহুলের সবচেয়ে বড় সুবিধা হল যে, সে টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে নামে। আবার দলের প্রয়োজন অনুযায়ী সে নিজের ব্যাটিং পজিশন আর স্টাইল বদলেও ফেলতে পারে। ওডিআই ফরম্যাটে সে ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে মিডল অর্ডারেও দুর্দান্ত ভাবে মানিয়ে নিয়েছে। আমি দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সে কিছু অবিশ্বাস্য ইনিংস খেলেছে। সে অসাধারণ। আমার মাঠে তাকে দেখে কখনও মনে হয়না যে সে চাপে আছে, আর সে কখনও দলকে হতাশ করেনি। সে দুর্দান্তভাবে স্ট্রাইক রোটেট করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সহজে ছক্কাও মারতে পারে।”
আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর
কোটাকের বক্তব্য যে ঠিক তা সাম্প্রতিক অতীতে বার বার প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগে আয়োজিত ওডিআই সিরিজের শেষ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার কারণে ব্যাটিং করার সুযোগ পেয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে চাপের মুখে ব্যাট করতে নেমে দায়িত্ব নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। আবার শেষ দুই বছরে টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক ওপেনারও তিনি। এর থেকেই বোঝা যায় তার গুরুত্ব ঠিক কতটা।












