বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এক একটি ফরম্যাটে এক এক রকম ছন্দে রয়েছে। মূলত নতুন ও অনভিজ্ঞ ক্রিকেটাররাই খেলছেন টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দিয়ে তৈরি ওডিআই ও টেস্ট দল। আর এই দুই ফরম্যাটের মধ্যে ভারতের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হলেন লোকেশ রাহুল (KL Rahul), এমন কথাই সোজাসুজি জানিয়ে গেলেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সহকর্মী তথা ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Shitanshu Kotak)।
লোকেশ রাহুলের গুরুত্ব কতটা, তা প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই জানেন। কিন্তু তারপরেও আরও একবার সাংবাদিক সম্মেলনে এসে সেই কথা বুঝিয়ে দিয়ে গেলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। রাহুলকে নিয়ে করা তার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোটাক নিজের বক্তব্যের মধ্যে দিয়ে রাহুল কেন ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন, সেটাও বুঝিয়ে দিয়েছেন।

কোটাক নিজের বক্তব্যে উল্লেখ করেন, “লোকেশ রাহুলের সবচেয়ে বড় সুবিধা হল যে, সে টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে নামে। আবার দলের প্রয়োজন অনুযায়ী সে নিজের ব্যাটিং পজিশন আর স্টাইল বদলেও ফেলতে পারে। ওডিআই ফরম্যাটে সে ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে মিডল অর্ডারেও দুর্দান্ত ভাবে মানিয়ে নিয়েছে। আমি দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সে কিছু অবিশ্বাস্য ইনিংস খেলেছে। সে অসাধারণ। আমার মাঠে তাকে দেখে কখনও মনে হয়না যে সে চাপে আছে, আর সে কখনও দলকে হতাশ করেনি। সে দুর্দান্তভাবে স্ট্রাইক রোটেট করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সহজে ছক্কাও মারতে পারে।”
আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি
কোটাকের বক্তব্য যে ঠিক তা সাম্প্রতিক অতীতে বার বার প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগে আয়োজিত ওডিআই সিরিজের শেষ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার কারণে ব্যাটিং করার সুযোগ পেয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে চাপের মুখে ব্যাট করতে নেমে দায়িত্ব নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। আবার শেষ দুই বছরে টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে ধারাবাহিক ওপেনারও তিনি। এর থেকেই বোঝা যায় তার গুরুত্ব ঠিক কতটা।
আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর
সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজ এবং ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। পরের বছরের শেষদিকে রয়েছে ওডিআই বিশ্বকাপের লড়াই। এই সময় লোকেশ রাহুলের ওপর অনেকটা নির্ভর করতে হবে ভারতীয় দলকে। তিনি ছন্দে থাকুক, এমনটাই চাইবে প্রতিটি ভারতীয় ক্রিকেটপ্রেমী।












