বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর ট্রেনের টিকিট (Train Ticket) কাটার কাউন্টডাউন শুরু হয়ে গেল। যাঁরা পুজোর ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এখনই সতর্ক হওয়ার সময়। পুজোর মরশুমে প্রতিবছরই দার্জিলিং, পুরী, দীঘা, বারাণসী, শিলিগুড়ি-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার ট্রেনে ব্যাপক চাপ থাকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া ট্রেনেও আসন দ্রুত পূর্ণ হয়ে যায়। সেই কারণেই বহু যাত্রী বুকিং শুরুর দিন ও সময় আগেভাগে জেনে প্রস্তুতি নিয়ে রাখেন।
পুজোয় ঘুরতে গেলে কবে ট্রেনের টিকিট (Train Ticket) কাটতে হবে ?
ভারতীয় রেলের বর্তমান সংরক্ষণ নীতি অনুযায়ী অগ্রিম টিকিট বুকিং শুরু হচ্ছে অগাস্টের মাঝামাঝি থেকে। নির্ধারিত দিনে বুকিং না করলে জনপ্রিয় রুটে কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। বর্তমানে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত ট্রেনের টিকিট যাত্রার ৬০ দিন আগে থেকে বুক করা যায়।
সেই হিসাবেই দুর্গাপুজোর প্রতিটি দিনের জন্য বুকিংয়ের সূচি প্রকাশিত হয়েছে। যাঁরা ১৫ অক্টোবর চতুর্থী যাত্রা করতে চান, তাঁদের টিকিট বুক করতে হবে ১৬ অগাস্ট থেকে। ১৬ অক্টোবর পঞ্চমীর যাত্রার জন্য বুকিং শুরু হবে ১৭ অগাস্ট। ১৭ অক্টোবর ষষ্ঠীর টিকিট মিলবে ১৮ অগাস্ট। ১৮ অক্টোবর সপ্তমীর জন্য ১৯ অগাস্ট, ১৯ অক্টোবর অষ্টমীর জন্য ২০ অগাস্ট ও ২০ অক্টোবর নবমীর জন্য ২১ অগাস্ট এবং ২১ অক্টোবর দশমীর যাত্রার টিকিট বুকিং শুরু হবে ২২ অগাস্ট।প্রতিদিন সংশ্লিষ্ট বুকিং উইন্ডো সকাল ৮টা থেকে খুলবে।
যাত্রীরা IRCTC-র ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট সংরক্ষণ করতে পারবেন। বুকিংয়ের সময় যাতে অতিরিক্ত সময় নষ্ট না হয়, তার জন্য আগেভাগেই মাস্টার লিস্ট তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ। এতে যাত্রীর তথ্য আগে থেকেই সংরক্ষিত থাকায় কয়েকটি ক্লিকেই বুকিংয়ের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়।

আরও পড়ুন :LPG গ্রাহকদের জন্য বড় সতর্কতা! ১৬ অগাস্টের মধ্যে না করলে বন্ধ হতে পারে এই সুবিধা
বিশেষজ্ঞদের মতে, পুজোর সময় সবচেয়ে বেশি চাপ থাকে জনপ্রিয় পর্যটন রুটগুলিতে। ফলে বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়েটিং লিস্ট তৈরি হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাই নির্দিষ্ট তারিখ ও সময় মাথায় রেখে আগে থেকেই পরিকল্পনা করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দুর্গাপুজোর ছুটিকে ঝামেলামুক্ত করতে এখন থেকেই ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে রাখার পরামর্শ দিচ্ছেন পর্যটন মহলের একাংশ।

















