কেদার দর্শন এবার হেলিকপ্টারেই! ৭ই সেপ্টেম্বর থেকে মিলবে টিকিট, জানুন বুকিংয়ের নিয়ম

Published on:

Published on:

Know the rules for booking a helicopter to Kedarnath
Follow

বাংলা হান্ট ডেস্ক : কেদারনাথ (Kedarnath) দর্শনের পরিকল্পনা করা পুণ্যার্থীদের জন্য এল স্বস্তির খবর। বর্ষার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের আকাশপথে কেদারনাথ যাওয়া শুরু হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা চালু হতে পারে। যদিও পাহাড়ি এলাকার আবহাওয়ার উপরই এই পরিষেবা চালুর বিষয়টি নির্ভর করবে।
হেলিকপ্টারে যাওয়ার ক্ষেত্রে আগেভাগে টিকিট সংগ্রহ করতে হবে।

এবার কেদারনাথ (Kedarnath) যাবেন হেলিকপ্টারেই

আগামী ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে বুকিং খুলছে। তীর্থযাত্রীদের জানানো হচ্ছে, টিকিট কাটতে হবে কেবল আইআরসিটিসি-র সরকারি পোর্টাল থেকে। ফাটা, সিরসি এবং গুপ্তকাশী—এই তিন জায়গা থেকেই বর্তমানে কেদারনাথের জন্য মোট আটটি হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা রয়েছে। বর্ষার সময় উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং নিরাপত্তার ঝুঁকি থাকে। সেই কারণেই এত দিন উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট বিশাল মিশ্র জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর থেকে হেলিকপ্টার যারা কেদারনাথ দর্শন করতে চান, তাঁদের জন্য নতুন করে সুযোগ তৈরি হচ্ছে। উত্তরাখণ্ড সরকারের নির্ধারিত ব্যবস্থায় তীর্থযাত্রার রেজিস্ট্রেশন আগে সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া হেলিকপ্টারের পরবর্তী বুকিং করা যাবে না।

রেজিস্ট্রেশন হয়ে গেলে আইআরসিটিসির হেলিযাত্রা পোর্টালে প্রবেশ করে নিজের যাত্রার দিন এবং সময় বেছে নিতে হবে। এরপর গন্তব্য নির্বাচন করে প্রত্যেক যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রয়োজনীয় নথি আপলোড করার পর অনলাইনে নির্ধারিত টাকা জমা দিলেই বুকিং সম্পন্ন করা যাবে।‌

প্রতারিত হওয়ার সম্ভাবনা এড়াতে কোনও অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে টিকিট না কাটার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যাত্রার দিন টিকিটের সঙ্গে বৈধ পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। পাশাপাশি নির্ধারিত উড়ানের সময়ের অন্তত এক ঘণ্টা আগে হেলিপ্যাডে পৌঁছে যাওয়ার নির্দেশ রয়েছে।

Know the rules for booking a helicopter to Kedarnath

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির মেগা মিশন! ঘরে ঘরে জ্বলবে ‘আশীর্বাদের প্রদীপ’

সাধারণত কেদারনাথের হেলিকপ্টার যাত্রার জন্য ৮,০০০ থেকে ১০,০০০ টাকার মতো খরচ হতে পারে। ফাটা, সিরসি এবং গুপ্তকাশী—কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে, তার উপর নির্ভর করেই চূড়ান্ত ভাড়া নির্ধারিত হবে। উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলের আবহাওয়া আচমকা বদলে যেতে পারে। তাই যাত্রার ঠিক আগে আবহাওয়ার পরিস্থিতি, প্রশাসনের নির্দেশ এবং হেলিকপ্টার পরিষেবা সংক্রান্ত সর্বশেষ আপডেট দেখে নেওয়া প্রয়োজন।