বাংলা হান্ট ডেস্ক : রেলের চাকরির (Railway Job) স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলের একাধিক বিভাগে কর্মীর প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে। সেই চাহিদা বুঝতে বিভিন্ন রেল জোন এবং উৎপাদনকারী সংস্থার কাছে শূন্যপদের বিস্তারিত হিসাব চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি কতগুলি পদে নিয়োগ প্রয়োজন, সেই তথ্য জমা দেওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এরপরই নিয়োগের মোট পরিসর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
রেলে বিপুল নিয়োগের সম্ভাবনা (Railway Job)
নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে। ট্র্যাক মেনটেনার ও পয়েন্টসম্যানের মতো পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে কোন পদে কতগুলি শূন্যপদ থাকবে, তা জানতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।ৎআবেদন শুরুর সময় নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনই পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানতেও মুখিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার প্রথম ধাপ আয়োজন করা হতে পারে। যদিও পরীক্ষার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। আবেদনপদ্ধতি, পরীক্ষার সময়সূচি এবং নিয়োগের অন্যান্য নিয়মও চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হবে।

আরও পড়ুন : সরকারি স্কুলে ফের চালু হবে পাশ-ফেল প্রথা! রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা, আবেদন ফি এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তাই বিজ্ঞপ্তির অপেক্ষায় প্রস্তুতি বন্ধ রাখা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনা, প্রশ্নপত্র অনুশীলন এবং মক টেস্টের মাধ্যমে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করাই এখন গুরুত্বপূর্ণ। পাশাপাশি, RRB-র সরকারি ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। রেলের গ্রুপ ডি নিয়োগ বহু চাকরিপ্রার্থীর কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।














