কলকাতার নাগরিক পরিষেবায় গতি আনতে বড় পদক্ষেপ! তৈরি হচ্ছে সব ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ

Published on:

Published on:

Kolkata Municipal Corporation developing digital map of Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিক পরিষেবায় আরও গতি আনতে উদ্যোগী কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবার প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আলাদা করে ডিজিটাল ম্যাপ (Digital Map) তৈরি করা হচ্ছে। ম্যাপটি সাধারণ মানুষ দেখতে পাবেন। মোবাইল বা কম্পিউটারে একটা ক্লিক করলেই সংশ্লিষ্ট ওয়ার্ডের যে কোনও জায়গার নিখুঁত ভৌগোলিক তথ্য দেখা যাবে।

কলকাতার ডিজিটাল ম্যাপ তৈরি করছে পুরসভা | (Kolkata Municipal Corporation)

কেএমসি সূত্রে জানা গিয়েছে, নতুন করে শহরের ওয়ার্ড পুনর্বিন্যাস হওয়ার পর একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত ডিজিটাল ম্যাপের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল। এতদিন অবধি কোনও সমীক্ষা বা শহরের পরিকাঠামোগত কাজের ক্ষেত্রে ভরসা ছিল ব্রিটিশ আমলে হাতে তৈরি মানচিত্র। তবে সময়ের সঙ্গে শহরের চরিত্রে আমূল বদল এসেছে। সেই কারণে এবার আধুনিক ডিজিটাল ম্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Municipal Corporation

কলকাতার ওয়ার্ড ভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরির দায়িত্বে রয়েছে কর বিভাগ। ইতিমধ্যে পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। আধুনিক এই ম্যাপে শহরের প্রত্যেক ওয়ার্ডের সঠিক সীমানা নির্ধারিত থাকবে। সেই সঙ্গেই প্রত্যেকটি জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তথা ল্যাটিটিউড ও লংটিটিউডের উল্লেখ থাকবে।

আরও পড়ুনঃ দুর্নীতির টাকায় আত্মীয়দের নামে সম্পত্তি! পুর নিয়োগ মামলায় CBI স্ক্যানারে সুজিতের ৭ আত্মীয়

পুরসভা সূত্রে খবর, কোন ওয়ার্ডে কোথায় কোন রাস্তা আছে, সেই রাস্তা কতখানি বিস্তৃত সহ যাবতীয় তথ্য এই ডিজিটাল ম্যাপে দেখা যাবে। পাশাপাশি কোথায় কত জলাশয় আছে, পার্ক বা খেলার মাঠের সংখ্যা কতগুলি, সেই তথ্যও এখানে দেওয়া থাকবে। এছাড়া নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত পরিকাঠামোগুলিকেও এই ম্যাপের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক মহলের একাংশের দাবি, এই ডিজিটাল ম্যাপ তৈরি হলে একদিকে যেমন পুরসভার নানা দফতরের মধ্যে সমন্বয় বাড়বে, তেমনই সাধারণ মানুষেরও সুবিধা হবে। সব মিলিয়ে আগামীদিনে নাগরিক পরিষেবা এক অন্য উচ্চতায় পৌঁছবে।

কলকাতার নতুন ডিজিটাল ম্যাপ তৈরি হলে কলকাতা পুরসভার নানা কাজও অনেকটা সহজ হয়ে যাবে। বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকায় রাস্তা সংস্কার বা নতুন নিকাশি নালা নির্মাণের ক্ষেত্রে বারবার সরেজমিনে মাপজোক করতে হবে না। পাশাপাশি জলাশয়, পার্ক, মাঠের তথ্য থাকায় বেআইনি পুকুর ভরাট বা সবুজ ধ্বংসের মতো অভিযোগ এলে দ্রুত পদক্ষেপও নেওয়া যাবে। ফলে নাগরিক পরিষেবা আরও গতিশীল ও নিখুঁত হয়ে উঠবে বলে মনে করছেন পুরকর্তারা।