পেট ভরে খাবেন দুঃস্থরা! পুজোর সময় চলবে স্পেশ্যাল MLA ক্যান্টিন, ঘোষণা কৌস্তভের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক অবস্থা যাই হোক না কেন, দুর্গাপুজোর আনন্দে যেন শামিল হতে পারে সবাই। সেই লক্ষ্য সামনে রেখে মানবিক উদ্যোগ নিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। দুর্গাপুজোর চারদিন দুঃস্থ, অভাবী মানুষদের মুখে ভালো খাবার তুলে দিতে পুজো স্পেশ্যাল এমএলএ ক্যান্টিন (Puja Special MLA Canteen) চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পুজো স্পেশ্যাল এমএলএ ক্যান্টিনের উদ্যোগ কৌস্তভের | (Koustav Bagchi)

কৌস্তভ জানিয়েছেন, দুর্গাপুজোর চারদিন ব্যারাকপুর ও টিটাগড়ের বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন চলবে। যেসব দরিদ্র মানুষরা সারা বছর ভালো খাবার খেতে পান না, তাঁদের বিনামূল্যে এই ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে। আগামীদিনে সারা বছর ব্যারাকপুরের দু-একটি জায়গায় এই ক্যান্টিন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ এক পরিবারের কতজন মহিলা অন্নপূর্ণা যোজনা পেতে পারেন? সরকারি নিয়ম জানুন

হঠাৎ কেন এই অভিনব উদ্যোগ সেটাও জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক। তিনি বলেন, “পুজোয় বেশিরভাগ মানুষ যখন পরিবার নিয়ে আনন্দ করেন, ভালোমন্দ খাওয়াদাওয়া করেন, তখন বহু অভাবী মানুষ সেই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। তাঁদেরকেও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দের অংশীদার করতে এই উদ্যোগ নিচ্ছি।“

কৌস্তভের এই উদ্যোগের নেপথ্যে ‘বঙ্গস্পন্দন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ সহায়তার হাত বাড়িয়েছে। পুজোর চারদিন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের কোথায় কোথায় এই বিশেষ এমএলএ ক্যান্টিন বসবে তা এখনও ঠিক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে প্রচারপত্র, সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ফলে ক্যান্টিনগুলি কোথায় বসবে তা আগেভাগেই জেনে যাবেন সকলে।

Koustav Bagchi

ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের রাজ চক্রবর্তীকে হারিয়ে ব্যারাকপুরে জয়ী হয়েছেন কৌস্তভ বাগচি। এরপর থেকেই এলাকার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। এবার নিজের বিধানসভা এলাকার দুঃস্থ, অভাবী মানুষের জন্য বড় উদ্যোগ নিলেন বিধায়ক। তাঁর এই মানবিক পদক্ষেপে বহু মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।