বাচ্চাদের মিড ডে মিলের খাবারে টিকটিকি! গোবরডাঙ্গার কাণ্ডে উঠছে একাধিক অভিযোগ

Published on:

Published on:

Lizard found in children's mid-day meal

বাংলা হান্ট ডেস্ক : মিড ডে মিলের (Mid Day Meal) খাবার তৈরির প্রক্রিয়া ও গুণমান নিয়েই যদি গুরুতর প্রশ্ন ওঠে, তা হলে পরিস্থিতি কতটা উদ্বেগজনক হতে পারে, তারই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। শিশুদের দুপুরের খাবারের পাত্রে পাওয়া গেল মরা টিকটিকি! এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

মিড ডে মিলে (Mid Day Meal) পাওয়া গেল টিকটিকি

গোবরডাঙা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাইপুর মিত্রপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে শুক্রবার দুপুর প্রায় ২টো নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে মোট ২০ জন শিশু রয়েছে। সেদিন অবশ্য তাদের মধ্যে মাত্র ৯ জন উপস্থিত ছিল। তাদের জন্য তৈরি হয়েছিল ডিম, ভাত ও আলুর ঝোল। অভিযোগ, রান্না করা খাবারের মধ্যেই টিকটিকি নজরে আসে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অভিভাবকরা প্রতিবাদ জানান। তবে সৌভাগ্যবশত, ওই খাবার খেয়ে ফেলেনি কোনও শিশু।

Lizard found in children's mid-day meal

ঘটনার পর কেন্দ্রের দৈনন্দিন পরিচালনা নিয়েও একাধিক অভিযোগ সামনে এনেছেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, রান্নার জায়গাটি দীর্ঘদিন ধরেই যথাযথ পরিচর্যার অভাবে রয়েছে। পর্যাপ্ত আলো না থাকায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় বলে অভিযোগ। এই সমস্যাগুলি নিয়ে আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু বারবার বলেও কোনও কার্যকর পরিবর্তন দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন : স্কুলে সংস্কৃত বই নিয়ে জল্পনা, ‘বেদ পড়ানো হবে না’, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

অভিযোগ, সরকারি বরাদ্দ অনুযায়ী যে খাবার শিশুদের পাওয়ার কথা, তা নিয়মিত ও সঠিক পরিমাণে দেওয়া হয় না। ফলে এ দিনের ঘটনার পর খাবারের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আশঙ্কা আরও বেড়েছে। তাঁদের দাবি, এই ধরনের গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের সুপারভাইজ়ার নুরুনার খাতুন জানিয়েছেন, খাবারের মধ্যে টিকটিকি থাকার বিষয়টি জানতে পারার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যে শিশুদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছিল, তাদের তা খেতে বারণ করা হয়। একই সঙ্গে অন্য শিশুদের জন্যও খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। রান্নার কাজে সংশ্লিষ্ট কর্মীদের ভুল হয়েছে বলে তিনি মেনে নিয়েছেন। তাঁর বক্তব্য, রান্নাঘরে আলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকাও একটি সমস্যা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করবেন তিনি।

শুধু এই একটি কেন্দ্র নয়, অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির খাবারের মান ও পরিকাঠামোও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। আপাতত গোবরডাঙার এই ঘটনা ঘিরে প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা।