বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের গরিব দুঃস্থ মানুষরা যাতে পেট ভরে খেতে পারেন সেই জন্য চালু হচ্ছে আহার ক্যান্টিন (Aahar Canteen)। মহালয়া থেকেই কলকাতায় এই ক্যান্টিন খুলছে। এখানে মাত্র ১ টাকায় খাবার পাওয়া যাবে। উদ্যোগের নেপথ্যে এনডিএ-র জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রামবিলাস)।
আজ থেকেই রাজ্যে খুলছে আহার ক্যান্টিন | (Aahar Canteen)
লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিৎ লাল মিত্রর ব্যক্তিগত উদ্যোগে এই পরিষেবা শুরু হতে চলেছে। কলকাতার রাজাবাজারে আহার ক্যান্টিন শুরু হবে। সপ্তাহে একদিন করে এই ক্যান্টিন চালানোর পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ অক্টোবরেই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে পারে হাজার হাজার নাম! কারণ জানুন
আহার ক্যান্টিনের উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক শনিবার করে রাজাবাজারে এই ক্যান্টিন চালানো হবে। সেখানে মোট ২০০ জনের খাবারদাবারের বন্দোবস্ত থাকবে। মূলত রাজ্যের দুঃস্থ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের কথা মাথায় রেখে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মাত্র ১ টাকায় আহার ক্যান্টিনে কী খাবার পাওয়া যাবে সেই নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। প্রথমদিনের মেনুতে তিনটি খাবার থাকছে- নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি ও মিষ্টি। অর্থাৎ নামমাত্র টাকায় একাধিক পদ দেওয়া হচ্ছে।
রাজ্যের গরিব, দুঃস্থ মানুষদের জন্য তৃণমূল আমলে মা ক্যান্টিন চালু করা হয়েছিল। সেখানে মাত্র ৫ টাকায় ডাল, ভাত, সবজি, ডিমের মতো নানা পদ দেওয়া হত। বিজেপি ক্ষমতায় আসার পর মা ক্যান্টিনের নাম বদলে রাখা হয়েছে মা আহার। সেই সঙ্গেই মেনুতেও বদল আনা হয়েছে।

বর্তমানে মা আহার ক্যান্টিনে ৫ টাকায় মাছ-ভাতও পাওয়া যাচ্ছে। সপ্তাহে দু’দিন করে মাছ, ভাত, সবজি, ডাল ও দু’দিন করে ডিম, ভাত দেওয়া হচ্ছে।
তবে এবার লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে গরিব, দুঃস্থদের জন্য আহার ক্যান্টিন চালু করছেন। ৫ টাকার বদলে এখানে মাত্র ১ টাকাতেই খাবার পাওয়া যাবে। এর ফলে যে আর্থিকভাবে দুর্বল বহু মানুষের উপকার হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।













