বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবল দলে (Indian Football Team) তিনি ব্রাত্য। কিন্তু একের পর এক টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করে তিনি প্রমাণ করে যাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের সেরা গোলরক্ষক, তা প্রমাণ করে চলেছেন বিশাল কাইথ (Vishal Kaith)। ফের একবার টাইব্রেকারে তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে আইএফএ শিল্ডের (2026 IFA Shield) ফাইনালের টিকিট পেয়ে গেল মোহনবাগান (Mohun Bagan)।
এর আগে চলতি মরশুমের ডুরান্ড কাপেও দুটি নক-আউট ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন বিশাল কাইথ। পরপর দুটি টাইব্রেকারে নায়ক হওয়ার পাশাপাশি জিতেছিলেন গোল্ডেন গ্লাভস অর্থাৎ টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। কিন্তু সেই টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে ৪ গোল হজম করতে হয়েছিল তাকে। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

কিন্তু চলতি আইএফএ শিল্ড জেতার জন্য শুরু থেকেই মরিয়া মোহনবাগান। তবে এদিন টুর্নামেন্টের ফাইনালে অপর গ্রূপের চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির বিরুদ্ধে লড়াইটা একেবারেই সহজ হয়নি মোহনবাগানের জন্য। নিজেদের গ্রূপে চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগান নির্ধারিত ৯০ মিনিট ও তারপরের ৩০ মিনিটেও কোনও গোল করতে পারেনি। শুভাশীষ বসুর গোল অফসাইডের জন্য বাতিল হয়। বিশালকেও নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে পরাস্ত করতে পারেনি পাঞ্জাবের ফুটবলাররা। ফলে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।
আর এখানেই ফের একবার চিরপরিচিত রূপে ধরা দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে পাঞ্জাবের তৃতীয় ও চর্তুথ প্রয়াসে শাইজা ও বিশাল যাদবের শট বাঁচিয়ে দেন তিনি। মোহনবাগানের নতুন বিদেশি দ্রাজিচ পেনাল্টি মিস করায় খেলা গড়িয়েছিল শেষ কিক অবধি। ইস্টবেঙ্গল থেকে সদ্য সবুজ মেরুণ শিবিরে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে টাইব্রেকার জিতে নেয় মোহনবাগান।
আরও পড়ুন: চেষ্টা ছিল ব্লু টাইগার্সের, হল লড়াই! ঐতিহাসিক ম্যাচে ভারতকে ৪-০ গোলে পরাজিত করল ব্রাজিল
একদিন আগেই ভারতের জার্সিতে ব্রাজিল ম্যাচে শোচনীয় পারফরম্যান্স করেছেন ভারতের কোচ খালিদ জামিলের অতি প্রিয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। অপরদিকে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল তারকা প্রভসুখন সিং গিল নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি। তারই মধ্যে আরেকটি স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়ে ভারতের ফুটবলপ্রেমীদের আরও একটি বার্তা দিলেন বিশাল কাইথ।













