বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। বর্তমানে সব ধরণের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন মহিলারা। এদিকে এই খরচ সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এনবিএসটিসি (NBSTC)।
রাজ্যের কাছে আরও ২৫ কোটি চাইল এনবিএসটিসি | (Free Bus Service)
সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করতেই উল্লেখযোগ্যভাবে মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই পরিষেবা দিতে নিগমের উপর যাতে বাড়তি চাপ তৈরি না হয়, সেই জন্য দুই ধাপে প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। তবে সেই টাকা প্রায় শেষ হতে চলেছে। সেই কারণে আরও ২৫ কোটি টাকার আবেদন জানিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ গাড়িতে আচমকা লরির ধাক্কা! দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, এখন কেমন আছেন?
এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায় বলেন, আগামী নভেম্বর মাস অবধি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর করাতে আরও প্রায় ২৫ কোটি টাকা চেয়ে সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর জানান, দুই ধাপে রাজ্যের তরফে দেওয়া প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা ইতিমধ্যেই বিভিন্ন ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে। তবে আগামীদিনে আরও বেশ কয়েকটি রুটে বাস চালানো হবে। একসময় এই রুটগুলিতে বাস চললেও পরবর্তীতে বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। এর মধ্যে দিনহাটায় একাধিক রুট রয়েছে।

এনবিএসটিসি সূত্রে খবর, মহিলা যাত্রীদের মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ব্যবহারের জনপ্রিয়তা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষত পুজোর সময় বহু দূরপাল্লার বাসে আগাম বুকিং হয়েছে। সেখানে মহিলা যাত্রীদের আধিক্য বেশি।
এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্যের কাছে প্রয়োজনীয় টাকা চেয়ে আবেদন জানানো হয়েছে। রাজ্য সেই আবেদন মঞ্জুর করা হয় কিনা সেটাই দেখার।













