বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। দুর্নীতি আটকাতে একেবারে বদ্ধপরিকর সরকার। এই আবহে মঙ্গলবার থেকে রাজ্যে নতুন স্মার্ট পিডিএস সিস্টেম চালু হচ্ছে। এর পাশাপাশি চোখের মণি স্ক্যানের নিয়ম (New Ration Rule) আসছে। অনেকের প্রশ্ন, চোখের মণি স্ক্যান না হলে কি রেশন পাওয়া যাবে না? এবার এই নিয়ে বড় আপডেট দিল খাদ্য দফতর।
রেশনে চালু হচ্ছে নতুন নিয়ম | (New Ration Rule)
আগামীকাল থেকে রাজ্যে স্মার্ট পিডিএস অ্যাপের মাধ্যমে রেশন বণ্টন শুরু হবে। খাদ্য দফতরের দাবি, নতুন পদ্ধতিতে রেশন বিতরণ আরও দ্রুত, স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত হবে। যিনি রেশন নিচ্ছেন, তাঁর পরিচয় যাচাই করার উপর জোর দিচ্ছে সরকার। সেই কারণে চোখের মণি স্ক্যানের বিষয় আনা হচ্ছে। কারণ এই পদ্ধতিতে পরিচয় যাচাই অনেক বেশি নির্ভুল হয়। দুর্নীতির অবকাশ থাকে না।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা! চালু নতুন পোর্টাল, নয়া আবেদন পদ্ধতি জানুন
তবে অনেকের প্রশ্ন, কোনও রেশন গ্রাহকের যদি চোখে ছানি বা অন্য কোনও সমস্যা থাকে, সেক্ষেত্রে কী হবে? জানা গিয়েছে, এমনটা হলেও চিন্তা নেই। কারণ কোনও গ্রাহকের চোখের মণি স্ক্যান সফল না হলেও তিনি রেশন পাবেন। আগের মতো আঙুলের ছাপ মিলিয়ে তাঁকে রেশন দেওয়া হবে।
এক কথায়, চোখের মণি স্ক্যান করা বাধ্যতামূলক নয়। তবে সুযোগ থাকলে এটি করে নেবেন রেশন ডিলাররা। এতে সম্পূর্ণ প্রক্রিয়ায় কোনও দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না।

এছাড়া ময়নাগুড়ি খাদ্য দফতরের আধিকারিকরা বলেন, নতুন অ্যাপের মাধ্যমে দ্রুত আধার বিষয়ক তথ্য যাচাই সম্ভব হবে। ফলে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড, মৃত গ্রাহকের নামে রেশন তোলার মতো অনিয়ম অনেকখানি কমবে।
রাজ্যে পালাবদলের পর রেশন ব্যবস্থার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছে নতুন সরকার। রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে তুলতে তৎপর হয়ে উঠেছে রাজ্য। ইতিমধ্যেই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার চালু হতে চলেছে নতুন স্মার্ট পিডিএস সিস্টেম।
















