পুরুলিয়ায় দুর্লভ খনিজের ভান্ডার! বদলে যেতে পারে বাংলার অর্থনীতি, মিলবে প্রচুর কর্মসংস্থান

Published on:

Published on:

Rare Earth Minerals found at Purulia
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলার লালমাটির দেশ তথা পুরুলিয়ার (Purulia) বুকেই লুকিয়ে আছে বহুমূল্যের গুপ্তধন। যা গোটা বিশ্বের কাছে বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট (Rare Earth Minerals) নামে পরিচিত। জানা যাচ্ছে, পুরুলিয়ার ঝালদা-২ তহসিলের তাহাদ্দিরি গ্রামের বেকু রেয়ার মেটাল ব্লকের এই দুর্লভ মৃত্তিকার ভান্ডারে খুব তাড়াতাড়ি খননকার্য শুরু হতে চলেছে। এমনকী ইতিমধ্যেই এই খনিজ ব্লকের জন্য নিলামের আদেশনামা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

পুরুলিয়ায় মিলল Rare Earth Minerals এর ভান্ডার

প্রায় বছরখানেক আগে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) পুরুলিয়ায় এই বিরল মৃত্তিকা খনিজের অনুসন্ধান শুরু করেছিল। জিএসআই পুরুলিয়া ব্লকে জি২-স্তরের অনুসন্ধান পরিচালনা করেছে। পুরুলিয়ায় এই বিরল খনিজ আবিষ্কারের কাজ শেষ হওয়ার পর, জিএসআই তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রাপ্ত ফলাফলের কথা জানিয়ে রাজ্য খনি বিভাগ এবং কেন্দ্রীয় খনি মন্ত্রকের কাছে সমস্ত তথ্য জমা দিয়েছে।

জানা যাচ্ছে, পুরুলিয়ার ঝালদা-২ ব্লকে সিজিয়াম, লিথিয়াম এবং রুবিডিয়ামসহ যথেষ্ট পরিমাণে বিরল মাটির খনিজ উপাদানগুলির সন্ধান মিলেছে। বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে জনিয়েছেন, ওই ব্লকে প্রায় ১.৭৮ লক্ষ টন আকরিক শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ হু হু করে বাড়বে বিদেশী পর্যটক! সুন্দরবন-পুরুলিয়া নিয়ে বড় পরিকল্পনা রাজ্য সরকারের

মিলবে পৃথিবীব্যাপী চাহিদাসম্পন্ন একাধিক রেয়ার অর্থ মিনারেল

উল্লেখ্য পুরুলিয়ার ওই রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে ০.৪% সিজিয়াম, ০.৩% লিথিয়াম এবং ০.১% রুবিডিয়াম রয়েছে, যার মোট ধাতব উপাদানের পরিমাণ আনুমানিক ০.৮%। জানা যাচ্ছে এই বিরল মৃত্তিকা খনিজগুলি মোট ১৭টি ধাতব মৌলের একটি বিশেষ গোষ্ঠী। গোটা পৃথিবীব্যাপী এগুলির ব্যাপক চাহিদা রয়েছে।

তাই আগামীদিনে উত্তোলন শুরু হলে রাজ্য ও কেন্দ্রের কোষাগারেও ব্যাপক লক্ষ্মী লাভ হবে। একইসাথে মাইনিং প্রোজেক্টটির জন্য বাংলায় বাড়বে কর্মসংস্থানও। সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে পুরুলিয়া ও বাঁকুড়ায় ১০টি সম্ভাব্য দুর্লভ খনিজ প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।