আর জি কর দুর্নীতি মামলায় জামিন পেতে মরিয়া চেষ্টা! এবার সুপ্রিম কোর্টে আবেদন সন্দীপের

Published on:

Published on:

Sandip Ghosh moves Supreme Court on bail
Follow

বাংলা হান্ট ডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। ফলে আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিনের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হয়েছে আইনি তৎপরতা।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)

আর জি কর কাণ্ডের পর ওই হাসপাতালের প্রশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। তদন্তের সময় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও খতিয়ে দেখতে শুরু করে সিবিআই। সেই তদন্তের জেরেই গ্রেফতার হন সন্দীপ ঘোষ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার জামিনের জন্য তিনি সরাসরি শীর্ষ আদালতের দারস্থ হয়েছেন।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাই কোর্টে স্বস্তি পাননি সন্দীপ। তাঁর জামিনের আবেদন খারিজ করার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের গুরুত্ব উঠে আসে। আদালতের মতে, অভিযোগে যে অর্থের কথা বলা হয়েছে, তা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সম্পর্কিত।

প্রসঙ্গত, আর জি কর কান্ডে তদন্তের সময় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। একই অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। পরে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় তাঁর মুক্তি মেলেনি।

সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও রয়েছে বলে মনে করেছিল আদালত। সেই কারণেই জামিন দেওয়া হয়নি তাঁকে। শুধু আর্থিক অনিয়ম নয়, প্রভাব খাটিয়ে বরাত দেওয়া থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া সব অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠে আসে তদন্তে।

Sandip Ghosh moves Supreme Court on bail

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার বাড়ছে টাকা! এবার কত হবে? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আগামী সপ্তাহে সন্দীপের জামিনের আবেদনের শুনানি হলে শীর্ষ আদালতের অবস্থানেই স্পষ্ট হতে পারে। এই মামলায় সন্দীপ ঘোষ আপাতত জেলেই থাকবেন, নাকি জামিন পেয়ে বাইরে আসার সুযোগ পাবেন তার জন্য সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে‌।