T20-র পর ODI তেও লজ্জাজনক অভিষেক অধিনায়ক শ্রেয়সের! ছুঁলেন কোহলির অপ্রিয় কীর্তি

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এইমুহূর্তে ভারতীয় ওডিআই দলের (Indian Cricket Team) অংশ নন নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা বিরাট কোহলির (Virat Kohli) পরিবর্তে সিরিজের বাকি দুটি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ভরসার মান রাখতে ব্যর্থ হলেন মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার।

যে ভারতীয় বোলিং গত দুই ম্যাচে শুভমানের নেতৃত্বে প্রতিপক্ষ ব্যাটিংকে ছিন্নভিন্ন করে দিয়েছিল, শ্রেয়সের অধিনায়কত্বে সেই বোলিংই আজ ছিল অস্বাভাবিক ফিকে। নির্ধারিত ৫০ ওভারে উইল ইয়ংয়ের শতরানে ভর করে ভারতীয় বোলিংকে নাস্তানাবুদ করে ৩৩৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলে কিউয়িরা। নিউজিল্যান্ডের দুই ওপেনারকে রোখার জন্য কোনও পরিকল্পনাই সাজাতে পারেননি শ্রেয়স। এরপর ব্যাটিং করতে নেমে নিজেও শূন্য রানে আউট হয়ে ভারতের বিপদ বাড়ান তিনি। ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে ও ৮৯ রানে তারা অলআউট হয়ে যায়। অনেকেই বলছেন শুভমান গিল থাকলে এতটা খারাপ অবস্থা হতো না ভারতের।

এদিন নিজের নামের সঙ্গে এক লজ্জাজনক রেকর্ড জুড়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি ও শুভমান গিলের পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই নিজের নেতৃত্বের অভিষেক হার দিয়ে করেছেন তারা। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্ৰথম সাত ম্যাচে একটিও জয়ের দেখা পাননি শ্রেয়স। ওডিআই ফরম্যাটে যাতে সেই লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি না হয় সেজন্য পরের ম্যাচে আপ্রাণ চেষ্টা করবেন তিনি।

আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে এসে নিউজিল্যান্ডের অসাধারণ বোলিং ও ভারতীয় ফিল্ডিংয়ের ব্যর্থতাকে হারের জন্য দায়ী করেছেন শ্রেয়স। এদিন উইকেটের পেছনে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও এই ম্যাচে প্রথমবার সিরিজে মাঠে নামা উইকেটরক্ষক ঈশান কিষাণ। কিউয়ি ওপেনারের বিরুদ্ধে তাদের সেই ক্যাচ ড্রপ শেষপর্যন্ত ম্যাচে তফাৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি

শ্রেয়স আইয়ার এই প্রসঙ্গে বলেন, “আমার মনে হয়, প্রথম ইনিংসে আমরা প্রায় সবকিছুই চেষ্টা করে দেখেছি, কিন্তু লাভ হয়নি। তখন আমাদের মনে হয়েছিল উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, কারণ তারা শেষ পর্যন্ত ৩৩০ রান তুলতে পেরেছিল। হ্যাঁ, দু-একটি ক্যাচ হাতছাড়া হয়েছে, তবে খেলার মাঠে এমনটা হতেই পারে। ড্রেসিংরুমে ফেরার পর আমাদের মনে হয়েছিল, রান তাড়া করার সময় ব্যাটিং করাটা আমাদের জন্য হয়তো সহজ হবে। কিন্তু বল যেভাবে দুদিকেই সিম করছিল, তাতে ড্রেসিংরুম থেকে বসে আগেভাগে ঠিক করে রাখা কঠিন ছিল যে ঠিক কীভাবে খেলতে হবে। তাছাড়া, যারা আউট হয়েছে, তাদের কেউই যে খুব বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে তা নয়, বরং নিউজিল্যান্ডের বোলাররা বেশ ভালো বল করেছিল।”