বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ম্যাচে বোলারদের শোচনীয় পারফরম্যান্সের কারণে লজ্জার হার উপহার পেয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু এই ম্যাচে বোলাররা ছন্দে ফিরতেই জয়ের মুখ দেখলো মেন ইন ব্লুজ। অর্শদীপ সিং (Arshdeep Singh), মহম্মদ সিরাজদের (Md. Siraj) দাপুটে পারফরম্যান্সে ভর করে পঞ্চম ওডিআই জিততেই ৩-১ ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) অ্যাওয়ে সিরিজ জয় নিশ্চিত করলো গৌতম গম্ভীরের ছেলেরা।
সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে জয়ের এবং সিরিজে সমতা ফেরানোর জন্য ২১০ রানের টার্গেট রেখেছিল ভারতীয় দল। টার্গেট বেশি না হলেও বল হাতে অর্শদীপ, যশ ঠাকুররা কৃপণ বোলিং করে চেপে ধরেছিল কিউয়িদের। দীর্ঘদিন পর ওডিআই ম্যাচ খেলতে নামা সিরাজ এদিন মাঠে ফিরে ফের সুবিচার করেন নিজের নামের সাথে। ফলস্বরূপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২ রানে জয় পায় ভারত। গত ম্যাচের হারের পর চূড়ান্ত সমালোচনা হয়েছিল অধিনায়ক শ্রেয়সের। আজ লো স্কোর ডিফেন্ড করে নিন্দুকদের জবাব দিলেন তিনি।

এদিন সিরাজ-অর্শদীপ জুটি বলের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে ভারতের জয়ে। শেষ উইকেটে তারা ব্যাট হাতে নিজেদের মধ্যে ২৬ রানের পার্টনারশিপ গড়ে। শেষপর্যন্ত ওই পার্টনারশিপটি ভারতের ম্যাচ জয়ের মূল কারণ হয়ে উঠে। দুজনেই ১৪ রান করেন। সিরাজ ১০ ওভার হাত ঘুরিয়ে ১ টি মেডেন সহ ২ টি উইকেট নেন। নিজের নির্ধারিত ১০ ওভারে ২ টি মেডেন সহ ৩০ রান খরচ করে ৩ উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতে ৫ বলে ১৪ রানের ক্যামিও খেলে ম্যাচের সেরা হন অর্শদীপ।
আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের
তবে ভারতীয় ব্যাটিংয়ের দুরাবস্থা নিয়ে চিন্তা এই সিরিজেও কাটলো না। ঘরের মাঠে একের পর এক রেকর্ড গড়া ভারতীয় ব্যাটাররা নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে চূড়ান্ত ব্যর্থ। কোনও ব্যাটার ৪ ম্যাচ মিলিয়ে ১০০ রানের গণ্ডিও ছুঁতে পারেননি। আসন্ন বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংয়ের এই দুরাবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য।
আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
এরপরে বিশ্বকাপের আগে দেশের মাটিতেই বেশিরভাগ ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজই ক্রিকেটারদের কাছে ছিল চরম পরীক্ষা। বোলাররা এই পরীক্ষায় সফল হলেও ব্যাটাররা শোচনীয়ভাবে ব্যর্থ। আগামী ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। তাই দলের ব্যাটিংয়ে আরও উন্নতি চাইবেন কোচ গৌতম গম্ভীর।












