সুখবর পেলেন শুভমান গিল! তরুণ ক্যাপ্টেনের অধীনে বিদেশের মাটিতে ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙবে?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় ১০ বছর পর ভারতীয় দল (Indian Cricket Team) উড়ে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ খেলতে। আগামী ১৫ ই আগস্ট থেকে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন স্কোয়াড গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবে। ২৬ বছর বয়সী অধিনায়ক শুভমান গিলের কাছে এই সিরিজ বিশ্বরেকর্ড গড়ার একটি বড় সুযোগ। এই সিরিজে ভারতীয় দলকে জেতাতে পারলেই সর্বকালের সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

এতদিন ধরে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছেন মনসুর আলী খান পতৌদি। ক্রিকেট ভক্তদের প্রিয় টাইগার পতৌদি মাত্র ১৯৬৮ সালে ২৭ বছর বয়সে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ১-৩ ফলে সিরিজ জিতেছিলেন, যা আজও সবচেয়ে তরুণ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তিরাও এই রেকর্ড ভাঙতে পারেননি। বিরাট কোহলিও ২৭ বছর বয়সে অধিনায়ক হিসেবে প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন, তবে চুলচেরা হিসেব করলে দিনের বিচারে পতৌদিই রয়ে গেছেন এই কীর্তি গড়া কনিষ্ঠতম ভারত অধিনায়ক। কিন্তু শুভমান গিলের সামনে এবার সেই সুযোগ রয়েছে।

অধিনায়ক হিসেবে এই রেকর্ড গতবছর ইংল্যান্ডের মাটিতেই গড়ে ফেলতে পারতেন শুভমান গিল। তার নেতৃত্বে আগ্রাসী ক্রিকেট খেলেও ২-২ ফলে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ভারত। অল্পের জন্য ওই বিশেষ রেকর্ডটি অধরা থেকে যায় তার কাছে। তবে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রেকর্ডটি গড়ার সুযোগ এখনও খোলা রয়েছে ১৯৯৯ সালের ৮ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই ভারতীয় ক্রিকেটারের। আগস্ট মাসেই এই সিরিজ সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ সিরিজ জিতলে ২৬ বছর বয়সী অধিনায়ক হিসেবেই জিতবেন গিল।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

তবে সাম্প্রতিক অতীতে টেস্ট ফরম্যাটে ভারতের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয় ভক্তদের কাছে। দেশের মাটিতে গত দুই বছরের মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে ভারত। বিদেশের মাটিতেও খুব একটা আহামরি পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। এই শ্রীলঙ্কা সিরিজ তাই তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ও দলে থাকলে মন খুলে খেলতে পারে না ক্রিকেটাররা! এবার গম্ভীরকে নিয়ে তোপ দাগলেন সেওবাগ

এই সিরিজে মাঠে নামার আগে একটি স্বস্তিদায়ক খবর পেয়েছেন শুভমান গিল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তথা ভারতের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা সম্পূর্ণ সুস্থ এবং মাঠে নামার জন্য তৈরি। প্রতিবেশী দেশে উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন তারকা পেসার। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিততে গেলে তার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০১৫ ও ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে জিতে ফিরেছিল ভারত। তারপর থেকে টানা প্রায় ১০ বছর শ্রীলঙ্কার মাটিতে আর টেস্ট খেলতে যায়নি তারা। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেই বিশ্বাস ভক্তদের।