SIR বৈঠকে উত্তাপ! “এখানে কেন সুব্রত গুপ্ত?” হাই কোর্টে জবাব চাইল রাজ্য

Published on:

Published on:

SIR Row Question Over Presence at Calcutta High Court Meeting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডাকা একটি রুদ্ধদ্বার বৈঠকে সুব্রত গুপ্তর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। এই ঘটনাকে ঘিরেই নতুন করে সামনে এসেছে নবান্ন ও নির্বাচন কমিশনের টানাপোড়েন।

“সুব্রত গুপ্ত এখানে কেন?” সরাসরি প্রশ্ন

সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত নবান্নের প্রতিনিধিরা জানতে চান, “এখানে সুব্রত গুপ্ত কেন রয়েছেন?” সুব্রত গুপ্ত ওই বৈঠকে ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে ঘিরে প্রশ্ন উঠতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শান্ত গলায় জানান, তিনি বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত, তাই তাঁর উপস্থিতিতে সমস্যা কোথায়। এরপর আর বিষয়টি বাড়েনি।

কেন এত গুরুত্ব এই বৈঠকের (SIR)?

বর্তমানে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের (SIR) বড় অংশের দায়িত্ব রয়েছে বিচার বিভাগের আধিকারিকদের উপর। সুপ্রিম নির্দেশে এই প্রক্রিয়ায় জুডিসিয়াল অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছে। সেই কারণেই প্রধান বিচারপতির নেতৃত্বে নিয়মিত বৈঠক হচ্ছে। এই প্রেক্ষাপটে কে বৈঠকে থাকবেন আর কে থাকবেন না তা নিয়েই তৈরি হচ্ছে বিতর্ক।

মনোজ পন্থকে ঘিরে আগের বিতর্ক

কয়েকদিন আগের এক বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ। বর্তমানে তাঁকে প্রধান সচিব পদে নিয়োগ করেছে নবান্ন। আর মুখ্যসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। ওই বৈঠকে থাকার কথা ছিল মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের। সেখানে মনোজ পন্থ কীভাবে উপস্থিত হলেন তা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছিলেন, কোনও পদাধিকার বলে মনোজ পন্থ বৈঠকে ছিলেন? এমনকি তাঁর বিরুদ্ধে FIR করে গ্রেপ্তারের দাবিও তোলেন তিনি।

Calcutta High Court Address Renamed After 164 Years

আরও পড়ুনঃ শিক্ষকদের ‘সেকশন’ নিয়ে বড় রদবদল! কার নাম কোথায় থাকবে, জানাল শিক্ষা দপ্তর

রাজনৈতিক মহলের মতে, মনোজ পন্থকে ঘিরে বিতর্কের পর এবার সুব্রত গুপ্তকে নিয়ে প্রশ্ন তোলা যেন তারই পাল্টা ছবি। একদিকে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, অন্যদিকে এবার কমিশনের পর্যবেক্ষকের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল। ফলে স্পষ্ট, SIR প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই নবান্ন ও কমিশনের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসছে। হাই কোর্টের বৈঠক ঘিরে এই পর্ব সেই অস্বস্তিকেই আরও সামনে নিয়ে এল।