বাংলা হান্ট ডেস্কঃ সোমবার স্নানযাত্রা (Snan Yatra 2026) ঘিরে রাজ্য জুড়ে উৎসবের আমেজ। দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Mandir) করা হয়েছে এলাহি আয়োজন। সকাল থেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। মূল মন্দিরের পাশের মণ্ডপে আয়োজিত হয়েছে স্নানযাত্রা।
স্নানযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরে কী কী আয়োজন? | (Digha Jagannath Mandir)
এদিন সকালে পহন্ডি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্নানযাত্রার জন্য তৈরি মণ্ডপে নিয়ে আসা হয়। সেখানে ধর্মীয় রীতি মেনে তিন দারুমূর্তিকে বিশেষ জলে স্নান করানো হয়েছে। সকাল ১০:৩০ থেকে ১১:৩০ অবধি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
আরও পড়ুনঃ যুবকদের টার্গেট করে বাংলায় জেহাদি নেটওয়ার্ক! বড় পদক্ষেপ নিল এনআইএ-র
স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পর জগন্নাথদেব ফের মূল মন্দিরে ফিরে যাবেন। দুপুর ১টা নাগাদ গজবেশ ধারণ করবেন। এরপর তাঁকে ৫৬ ভোগ নিবেদন করা হবে।
এদিকে প্রচলিত নিয়ম বলছে, স্নানযাত্রায় অনেক জলে স্নানের কারণে জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কয়েকদিন অবসর পালন করবেন। তাঁদের দর্শন বন্ধ থাকবে। রথযাত্রার আগে ফের দর্শন দেবেন তাঁরা।

প্রচলিত নিয়মের কারণে দিঘার জগন্নাথ মন্দিরেও আগামী কয়েকদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে আগামী ১৪ জুলাই অবধি তাঁদের দর্শন করা যাবে না। তবে মন্দির খোলা থাকবে। রাধা মদনমোহনের আরতি, পূজা, দর্শন ও অন্যান্য নিত্যসেবায় অংশ নিতে পারবেন ভক্তবৃন্দ।
দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই সৈকত শহর সহ গোটা বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে এই স্থান। এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবার দ্বিতীয় বছরে পদার্পণ করবে। সেই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শনিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে এই নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।













