বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের হলিডে লিস্টে (Government Holiday) সামান্য বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। আগের ছুটির তালিকা অনুযায়ী, বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর অফিস-কাছারি বন্ধ থাকার কথা ছিল। তবে এবার সেই ছুটির দিন বদল করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের বদলে আগামী ১৮ সেপ্টেম্বর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
নবান্নের হলিডে লিস্টে বদল | (Government Holiday)
সোমবার অর্থ দফতরের অডিট শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পূর্ণ দিবস ছুটি ছিল। তবে এই বছর ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পুজো পড়েছে। সেই কারণে ওই দিন ছুটি ঘোষণা করা হল।
আরও পড়ুনঃ লাগছে মাত্র ১ টাকা! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম তুলতে হুড়োহুড়ি, কতদিন চলবে জানুন
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্বকর্মা পুজো উপক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর সরকারি, স্থানীয় সরকারি সংস্থা, কর্পোরেশন, বোর্ড, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে পূর্ণ দিবস ছুটি থাকবে। অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মীদের অফিস যেতে হবে।
সরকারি হলিডে লিস্ট অনুসারে লিস্ট ১ এবং লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি ও রাজ্যের ছুটি) এই বছর মোট ৫১টি ছুটি রয়েছে। তবে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য এই একটি ছুটিই রয়েছে। তবে অক্টোবরে পুজোর ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাবেন তাঁরা।

এছাড়া আগামী ৬ অক্টোবর বিধানসভা উপনির্বাচনের কারণে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থ দফতরের অডিট শাখার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ওই দিন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের অধীন থাকা সরকারি দফতর, কর্পোরেশন, বোর্ড, সংস্থা, পুরসভা সহ স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে।













