বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এসে বিজেপি সরকার (BJP Government) জানিয়েছিল পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। ইতিমধ্যেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হলেও রাজ্যের বেকার যুবক-যুবতীদের যুবশক্তি (Yuva Shakti) প্রকল্প কবে থেকে চালু হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। আগেই যুবশক্তির পোর্টাল চালু হয়েছে। এবার শোনা যাচ্ছে চলতি জুন মাস থেকেই যুবশক্তির পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে।
বেকারভাতা বা যুবশক্তি নিয়ে নয়া আপডেট | Yuva Shakti
পূর্বের মমতা সরকারের যুবসাথীর বদলে প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। ভোটের ঠিক আগে তৃণমূল সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বেকারভাতাও প্রদান করা হয়েছিল। ছাব্বিশের ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এসেছে ‘যুব শক্তি ভরসা কার্ড’। ঘোষণা হয়েছে দ্বিগুন ভাতারও।
সম্প্রতি এই প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যুবকদের যে ভাতা দেওয়ার কথা, সেটা শীঘ্রই শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে। মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলার বেকারদের জন্য ভালো খবর আসতে পারে। উল্লেখ্য, ‘যুবশ্রী’ পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যেই। গুগলে ‘যুবশ্রী’ লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যাঁরা আগে যুবশ্রীর সুবিধা পেতেন না, তাঁদের ফের নতুন করে আবেদন করতে হবে।
‘যুবশক্তি যোজনা’র অফিশিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ-তরুণীরা ঠিক কবে টাকা পাবেন সেই বিষয় স্পষ্ট নয়। ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। তবে যুবশক্তি যোজনার টাকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি সরকার। পোর্টাল চালু হলেও এখনও ভিতরে তথ্য আপডেট করা হয়নি।
অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই পোর্টালটিকে আপডেট করে নতুন যারা আবেদন যোগ্য, তাদের আবেদনের সুযোগ করে দেওয়া হবে সরকার তরফে। পরিসংখ্যান বলছে পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন: দূর হল বড় চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়মাবলী জারি করল নবান্ন
মনে করা হচ্ছে, সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই যুবশক্তি যোজনার টাকা দেওয়া শুরু হতে পারে বলে খবর সামনে আসছে। তথ্য যাচাইয়ের কাজ যতদিন চলবে, ততদিন বেকার ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হতেও পারে। তবে এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। বেকাররা যতদিন না তাঁদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছে সরকার।













