‘বিনোদনের চ্যানেল নয় আদালত’! শুনানির অডিও-ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court bans sharing videos of court proceedings in social media without permission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের শুনানির ভিডিও শেয়ার করার উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট জানানো হয়েছে, কোনও ২৪ ঘণ্টার বিনোদনের চ্যানেল নয় আদালত। সেই কারণে নির্বিচারে শুনানির ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে দেওয়া যাবে না। শুক্রবার এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

শুনানির অডিও-ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা | (Supreme Court)

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহনা ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে তৈরি তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ পাশ করেছে। আদালত জানিয়েছে, শুনানি কক্ষের অডিও বা ভিডিও শেয়ার করতে হলে বাধ্যতামূলকভাবে আদালতের আগাম অনুমতি নিতে হবে। তবে এই নির্দেশ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখনও অন্নপূর্ণা যোজনায় নাম ‘ট্রান্সফার’ হয়নি? কোথায় যোগাযোগ করবেন জানুন

বিচারপ্রক্রিয়ার নির্দিষ্ট কিছু অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার ও আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন একজন সাংবাদিক। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, “সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের আগাম অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে বিচারপ্রক্রিয়ার অডিও বা ভিডিও রেকর্ডিং সংগ্রহ অথবা এডিটিং, প্রচার, পোস্ট, রিপোস্ট, আপলোড কিংবা মনিটাইজেশন সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।“

এই নির্দেশের ব্যাখ্যা দিতে গিয়ে বিচারপতি বাগচি বলেন, “আমরা ভিডিও রেকর্ড ও আপলোড বন্ধ করতে বলেছি। সরাসরি সম্প্রচার অথবা অডিও-ভিজুয়াল প্রচারের ক্ষেত্রে তা অনুমতিসাপেক্ষ হতে হবে। লাইভ টেলিকাস্টও নিয়ন্ত্রণ করা দরকার। কোনও পক্ষ দেখতে চাইলেই এগুলি দেখানো হবে। নাহলে হবে না। ২৪ ঘণ্টার বিনোদনের চ্যানেল হতে পারে না আদালত।“

Supreme Court

এছাড়া যেসব মামলার ভার্চুয়াল শুনানি হয়, সেগুলির ক্ষেত্রে রাশ টানার কথা বলেছে সুপ্রিম কোর্ট। অভিযোগ, এই ভার্চুয়াল শুনানিগুলির লিঙ্ক যথেচ্ছভাবে ছড়ানো হয়, যা একেবারেই কাম্য নয়। এই নিয়ে এক্স, মেটা সহ অন্যান্য সমাজমাধ্যম প্ল্যাটফর্মকে নোটিশ দিয়েছে আদালত।

বর্তমান সময়ে বিভিন্ন সমাজমাধ্যমে আদালতের শুনানির নানা ক্লিপিংস ভাইরাল হতে দেখা যায়। অনেক সময় তা বিভ্রান্তিকর ও বিতর্কিত শিরোনাম দিয়েও শেয়ার করা হয়। এর প্রভাব বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা ও আদালতের ভাবমূর্তির উপর পড়ছিল। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।