বাংলা হান্ট ডেস্ক : রেশন কার্ড (Ration Card) বাতিল নিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজ্য সরকারের দাবি, ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতেই চলছে বিশেষ অভিযান। কিন্তু সেই প্রক্রিয়ায় এসআইআর তালিকাকে ভিত্তি করে বহু মানুষের রেশন সুবিধা বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়েই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
রেশন কার্ড বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্ট (Supreme Court)
দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলেই কোনও নাগরিককে রেশন বা অন্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। আদালতের এই মন্তব্যের পর রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সরকারের দাবি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ড চালু রয়েছে। সেই কারণেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তথ্য যাচাই এবং অযোগ্যদের কার্ড বাতিলের কাজ। অভিযোগ, এই যাচাইয়ের ক্ষেত্রে অনেক জায়গায় এসআইআর তালিকাকেই মূল নথি হিসেবে ধরা হচ্ছে। ফলে যাঁদের নাম ওই তালিকায় নেই, তাঁদের রেশন কার্ডও বাতিলের মুখে পড়ছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, গত ৪ জুন জানানো হয়েছিল যে এসআইআর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা আর রেশন পরিষেবার সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। আবেদনকারীদের মহিবুল্লা মণ্ডল সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেন, ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তাঁর রেশন কার্ড বাতিল না করা হয়। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে। বিচারপতিরা স্পষ্ট বলেন, “ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও প্রাপ্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে বঞ্চিত করা যাবে।”
এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর অনেকের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে যে, এর ফলে তাঁদের ভারতীয় নাগরিকত্বও বাতিল হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট সেই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, “ভোটার লিস্টে নাম না থাকা মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়।” পাশাপাশি বিচারপতিরা আরও বলেন, “নির্বাচন কমিশন কাউকে নাগরিকত্ব দিতে বা কেড়ে নিতে পারে না। কমিশনের অধিকার শুধুমাত্র ভোটার লিস্ট নিয়ন্ত্রণ করা এবং সেটা পর্যবেক্ষণ করা।”

আরও পড়ুন : জাতীয় গানের অসম্মানে ৩ বছরের জেল, ‘বন্দে মাতরম’ নিয়ে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ শুধু একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতে একই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। ফলে এসআইআরের ভিত্তিতে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া কীভাবে এগোয় এবং রাজ্য সরকার তাদের অবস্থানে কোনও পরিবর্তন আনে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।













