বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পা ভাঙেনি বলে শুক্রবারই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নিজের দাবির স্বপক্ষে প্রমাণ সামনে আনলেন তিনি। একইসঙ্গে এই ঘটনা নিয়ে সিআইডি তদন্তেরও হুঁশিয়ারি দিয়েছেন।
মমতার পা ভাঙেনি বলে দাবি শুভেন্দুর | (Suvendu Adhikari)
শনিবার দুপুরে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “গতকাল নন্দীগ্রামে আমি বলেছিলাম, ২০২১ সালে সমগ্র নন্দীগ্রামকে (তৎকালীন) মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। ওনার নাকি পা ভেঙে দেওয়া হয়েছিল। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস, ১১/০৩/২০২১ -এর রিপোর্ট বলছে নো এভিডেন্স অফ ফ্র্যাকচার/ ডিসলোকেশন।“
আরও পড়ুনঃ মিড ডে মিলে সমীক্ষার প্রক্রিয়ায় বদল! স্থানীয় প্রশাসনের হাতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব
এরপরেই সিআইডি তদন্তের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, “এটা নিয়ে আমি বাড়তি কিছু বলছি না। সিআইডি এটার তদন্ত করছে। নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব। এই বিষয়ে ৯ তারিখের পর জানানো হবে।“
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কোনও ঘটনা ঘটলে তার পুলিশি তদন্ত বা সিআইডি তদন্ত হতে পারে। কেউ মিথ্যা প্রচার করলে, নন্দীগ্রামের মানুষের অপমান করলে, মিডিয়া ট্রায়াল করলে বা সারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপের বিধান রয়েছে। যা হওয়ার ৯ তারিখের পর হবে।“
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরুলিয়া বাজারের একটি ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। এরপর সারা নির্বাচন তাঁর পায়ে প্লাস্টার ছিল। হুইল চেয়ারে বসেই প্রচার চালিয়েছিলেন তিনি।

গতকাল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে আয়োজিত বিরুলিয়া বাজারের সভা থেকেই মুখ্যমন্ত্রী দাবি করেন, একুশ সালে পা ভাঙা নিয়ে মিথ্যা অভিযোগ করেছিলেন মমতা। পাশাপাশি কাগজ দেখানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রমাণ সামনে এনে তদন্তের হুঁশিয়ারি দিলেন তিনি।













