বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দেশ জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া। এই SIR প্রক্রিয়া চলার মাঝেই বিভিন্ন জায়গা থেকে অনিয়মের অভিযোগ উঠে আসছে। এবার ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে গুরুতর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগের তির সরাসরি জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের দিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে পুরো যাচাইকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
কী অভিযোগ উঠেছে?
ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এস আই আর নিয়ে দক্ষিণ ২৪ পরগণায় অভিযোগ উঠেছে জেলার অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে। দাবি করা হয়েছে, একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্বাচনী রোল অবজ়ার্ভার তথা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ভোটার যাচাই প্রক্রিয়াকে বিকৃত করার চেষ্টা চলছে বলে অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, এই নির্দেশের মাধ্যমে ভোটার যাচাইকরণ প্রক্রিয়াকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। সঠিকভাবে যাচাই সম্পন্ন না হলেও, শুধুমাত্র দৈনিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য অনেক ক্ষেত্রেই ‘যাচাই করা হয়নি’ বলে চিহ্নিত না করার চাপ সৃষ্টি করা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, এটি প্রশাসনিক ক্ষমতার ‘অপব্যবহার’। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই পুরো প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। উদ্দেশ্য একটাই, অযোগ্য ভোটার ও ভুয়া নামকে রক্ষা করা, যেগুলি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং যা শাসক দলের ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থে কাজে লাগানো হচ্ছে।
বিরোধী দলনেতা (Suvendu Adhikari) আরও অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বানচাল করতে জেলা প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, প্রকৃত ও সঠিকভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হলে বহুদিনের নির্বাচনী অনিয়ম প্রকাশ্যে চলে আসবে। সেই আশঙ্কাতেই প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘এটা কীভাবে সম্ভব?’ পাঁচ বিচারপতির বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চে আসায় তাজ্জব প্রধান বিচারপতি
এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভারতের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, যেন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে। পাশাপাশি সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং এই অবৈধ নির্দেশ জারি বা কার্যকর করার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করার দাবিও জানিয়েছেন তিনি।একই সঙ্গে ক্ষমতাসীন দলের নির্দেশে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার অভিযোগে দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।












