বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান তারেক রহমান মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। নির্বাচনী প্রচারের সময় থেকেই তারেক দেশে “স্বাভাবিকতা” ফিরিয়ে আনা এবং আইন-শৃঙ্খলা মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
বাংলাদেশে (Bangladesh) শপথ গ্রহণের আগেই অ্যাকশন তারিক রহমানের!
শপথ অনুষ্ঠানের ঠিক আগেই দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিল বিএনপি। সংখ্যালঘুদের উপর হামলা ও নির্বাচনী সহিংসতার অভিযোগে জড়িত কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকান ভাঙচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:পহেলগাঁও হামলার ‘ক্ষত’ সরিয়ে ১০ মাস পর খুলছে ভূস্বর্গের ১৪ টি পর্যটনস্থল, রইল তালিকা
বাংলাদেশি দৈনিক প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফিরোজ আহমেদ, মোনা পাল ও আরজু আহমেদ। তাঁরা জেলা বিএনপির পরিচিত মুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এই ব্যবস্থা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে দল আরও সতর্ক থাকবে বলেও জানান তিনি।
এছাড়া ভোটের দিন ভোটারদের ভয় দেখানো, অস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং হামলার অভিযোগে শিহাব মণ্ডল ও মুস্তাফিজুর রহমান মণ্ডল নামে আরও দুই নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়। নির্বাচনে জয়ের পর থেকেই তারেক রহমানের দল শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণিতে ‘ফেল’, সাইকেলে বিক্রি করতেন দুধ! অদম্য জেদেই IPS হয়ে নজির গড়লেন উমেশ
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। ভারত সরকারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাই তারেক রহমানের নতুন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।












