বাংলাহান্ট ডেস্ক : আরও উন্নত হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আগের থেকে রুটও অনেক সম্প্রসারিত হয়েছে মেট্রোর। শহর থেকে শহরতলিকে জুড়ে দিয়েছে মেট্রো লাইন। প্রতিদিন বহু যাত্রী মেট্রোয় যাতায়াত করে থাকেন। কিন্তু অনেক সময়ই অভিযোগ ওঠে, তাদের মধ্যে অনেকে এমন কিছু জিনিস নিয়ে মেট্রোয় ওঠেন যা উচিত নয়। তাই যাত্রী সচেতনতা বৃদ্ধি করতে এবার বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো।
মেট্রোয় (Kolkata Metro) এই সমস্ত জিনিস নিয়ে ওঠা বেআইনি
বিভিন্ন মেট্রো স্টেশনে একটি তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে, যেখানে স্পষ্ট উল্লেখ থাকবে কোন কোন জিনিস মেট্রোয় বহন করা বেআইনি। মেট্রোর নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা জানান, যারা রাজমিস্ত্রির কাজ করেন, তারা ব্যাগে শাবল, ছেনি, হাতুড়ি নিয়ে সফর করেন। কিন্তু সমস্যায় পড়ার ভয়ে সেই ব্যাগ তারা স্ক্যানারে ঢোকাতে চান না। এই সমস্যা দূর করতে তাই বেশ কিছু জিনিসের তালিকা টাঙিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী জিনিস নিয়ে ওঠায় নিষেধাজ্ঞা: মেট্রোর তরফে জানানো হয়েছে, মাংস কাটার বড় ছুরি, ৪ সেন্টিমিটারের বেশি দীর্ঘ ব্লেডের ছুরি, কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বেআইনি। এছাড়া কাঁচা মাছ, মাংস, মদ, পেট্রোলিয়াম, যেকোনো ধরণের স্পিরিট, সব ধরণের দাহ্য তরল বড় ব্যাটারি নিয়ে মেট্রোয় ওঠা যায় না। কুঠার, শাবল, কাটারি, করাত, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, বিভিন্ন বিষ্ফোরক পদার্থ যেমন ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেডের মতো জিনিস নিয়ে মেট্রোয় (Kolkata Metro) ওঠা সম্পূর্ণ বেআইনি। এমনকি চারাগাছ নিয়েও ওঠা যায় না মেট্রোয়।
আরও পড়ুন : ধরা পড়লে জরিমানা থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড! বাড়িতে একসঙ্গে কতগুলি LPG সিলিন্ডার রাখা যায় জানেন?
টাঙিয়ে দেওয়া হয়েছে তালিকা: মেট্রোর নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত পদার্থ, কাঁদানে গ্যাস, মৃতদেহ, মানব কঙ্কাল, মানবভস্ম, মানবদেহের কোনও অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ, পরিস্কার করা হাড় নিয়েও মেট্রোয় সফর করা বেআইনি।
আরও পড়ুন : জ্বালানি সঙ্কট রুখতে বড় পদক্ষেপ, কেরোসিন বন্টনে এবার আদর্শ কার্যপদ্ধতি জারি খাদ্য দফতরের
মেট্রো আধিকারিকরা জানান, এর মধ্যে অনেক জিনিসই মানুষ না জেনে সঙ্গে নিয়ে মেট্রোয় উঠতে আসে। এদিকে তারপর স্ক্যানারে আটকে যায়। কেউ যদি এইসব জিনিস নিয়ে মেট্রোয় উঠতে গিয়ে ধরা পড়েন তবে ৫০০ টাকা জরিমানা থেকে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হতে পারে।












