বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে এবার আরও কঠোর হচ্ছে কেন্দ্র সরকার (Traffic Rules 2026)। ট্রাফিক আইন ভাঙার অভ্যাস বদলাতে চালু হচ্ছে এক নতুন ব্যবস্থা, যেখানে বারবার ভুল করলে সরাসরি বাতিল হয়ে যেতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স। আগে শুধু বড় ধরনের অপরাধে লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকলেও, এবার ছোটখাটো ভুলের পুনরাবৃত্তিও বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। ‘সেন্ট্রাল মোটর ভেহিকেলস (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) রুলস ২০২৬’-এর আওতায় এই নতুন নিয়ম চালু হতে চলেছে।
ট্রাফিক নিয়মে (Traffic Rules 2026) কী পরিবর্তন আসছে?
নতুন ট্রাফিক নিয়ম (Traffic Rules 2026) অনুযায়ী, যদি কোনো চালক এক বছরের মধ্যে ৫ বার ট্রাফিক আইন ভাঙেন, তবে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। আগে নির্দিষ্ট কোনো বড় অপরাধের ভিত্তিতে শাস্তি দেওয়া হতো। কিন্তু এবার ‘ইভেন্ট-বেসড’ ব্যবস্থা থেকে সরে এসে ‘বিহেভিয়ারাল-বেসড’ অর্থাৎ চালকের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এই নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভুলের গণনা প্রতি বছর নতুন করে শুরু হবে। অর্থাৎ এক বছর শেষ হলে আগের সব অপরাধের হিসেব শূন্য হয়ে যাবে এবং নতুন করে গণনা শুরু হবে। আগে মূলত মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা মারাত্মক বেপরোয়া ড্রাইভিংয়ের ক্ষেত্রে লাইসেন্স বাতিল হতো। কিন্তু এখন ছোট-বড় মিলিয়ে মোট ২৪ ধরনের অপরাধকে সমান গুরুত্ব দেওয়া হবে।
কোন কোন ভুলের জন্য লাইসেন্স বাতিল হতে পারে?
সরকার মোট ২৪ ধরনের ট্রাফিক অপরাধ চিহ্নিত করেছে, যেগুলোর মধ্যে বড় বা ছোট বলে কোনো আলাদা ভাগ রাখা হয়নি। সব ধরনের ভুলকেই সমান গুরুত্ব দেওয়া হবে। তার মধ্যে প্রধান কয়েকটি হল –
- নির্ধারিত গতিসীমা অতিক্রম করা (Over Speeding)
- সিট বেল্ট না পরা
- হেলমেট ছাড়া বাইক চালানো
- গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা
- রেড লাইট অমান্য করা
- ভুল দিকে গাড়ি চালানো (Wrong Side Driving)
- বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো
এই ধরনের যে কোনো ভুল বারবার করলে সরাসরি লাইসেন্স বাতিলের পথে হাঁটবে প্রশাসন।
প্রযুক্তির সাহায্যে কড়া নজরদারি
আগে ট্রাফিক পুলিশ ধরলেই কেবল জরিমানা বা ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি বাড়ানো হয়েছে। এএনপিআর ক্যামেরা, সিসিটিভি, ই-চালান সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভাঙার তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সরাসরি ‘বাহন’ এবং ‘সারথি’ পোর্টালে আপলোড হবে। যখনই কোনো চালক পঞ্চমবার আইন ভাঙবেন সঙ্গে সঙ্গেই আরটিও অফিসে অ্যালার্ট চলে যাবে। তারপর চালককে ‘কারণ দর্শানোর নোটিশ’ পাঠানো হবে।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর পরিস্থিতি বিচার করে যেগুলো করা হবে, সেগুলি হল –
- সতর্কবার্তা দেওয়া হতে পারে
- কিছুদিনের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে
- প্রয়োজনে লাইসেন্স স্থায়ীভাবে বাতিলও করা হতে পারে
টোল ট্যাক্স ফাঁকি দিলেও বিপদ
শুধু ট্রাফিক আইন ভাঙলেই নয়, টোল ট্যাক্স সংক্রান্ত নিয়মেও কড়াকড়ি আনা হয়েছে। যদি কোনো গাড়ির টোল পেমেন্ট বকেয়া থাকে, তবে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে মালিককে। সমস্যা গুলি হল –
- বকেয়া টোল থাকলে গাড়ির এনওসি (NOC) পাওয়া যাবে না
- ফলে গাড়ি বিক্রি বা অন্য রাজ্যে ট্রান্সফার করা সম্ভব হবে না
- ফিটনেস সার্টিফিকেট রিনিউ করা আটকে যেতে পারে
- বাণিজ্যিক গাড়ির পারমিট পেতেও সমস্যা হবে
সরকারের মতে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে টোল ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করতে।

আরও পড়ুনঃ হুমায়ুনের সঙ্গে গোপনে যোগাযোগ তৃণমূলের, কীসের ইঙ্গিত?
সরকারের লক্ষ্য কী?
নতুন এই নিয়মের (Traffic Rules 2026) মূল উদ্দেশ্য একটাই, সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে দায়িত্বশীল আচরণ তৈরি করা। শুধু জরিমানা নয়, লাইসেন্স বাতিলের ভয় দেখিয়েই শৃঙ্খলা ফেরাতে চাইছে সরকার। বিশেষজ্ঞদের মতে, এই কঠোর ব্যবস্থা কার্যকর হলে রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা অনেকটাই কমবে।












