বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে প্রার্থী ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (Trinamool Congress)। শুক্রবার দলীয় ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ বছরের জন্য ১০ টি প্রতিজ্ঞার কথা বলেছেন তিনি। রাজ্যের মহিলাদের, যুবদের আর্থিক সহায়তা থেকে কর্মসংস্থানের উল্লেখ করা হয়েছে ইস্তেহারে।
নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের (Trinamool Congress)
শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে আবাস, নতুন জেলার মতো একাধিক বিষয়ে ১০ টি প্রতিজ্ঞার কথা তুলে ধরা হয়েছে ইস্তেহারে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগামীতে রাজ্যে আরও ৭ টি নতুন জেলা মাথা তুলে দাঁড়াবে। বর্তমান জেলো প্রশাসনের চাপ কমাতে এবং সরকারি পরিষেবা উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, কান্দি, রানাঘাট, বসিরহাট, ইছামতি হবে নতুন জেলা।

কোন কোন বিষয়ে জোর: মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, দুয়ারে সরকারের পর এবার দুয়ারে চিকিৎসা শুরু হবে। দুয়ারে শিবির, দুয়ারে স্বাস্থ্য হবে। স্বাস্থ্যসাথী আগে থেকেই রয়েছে। স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার উপরেও জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ করা হবে আগামীতে। ই লার্নিং এর মতো আধুনিক প্রযুক্তি থাকবে। আবাসের ক্ষেত্রেও নতুন বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : গিরিশ পার্কের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ডাকা হল না কেন? পুলিশের কাছে ফের রিপোর্ট চলব কমিশনের
ভাতা মিলবে আগামী দিনে: তৃণমূলের (Trinamool Congress) তরফে ইস্তেহারে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি নতুন শুরু হওয়া যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আগামী ৫ বছর ধরে চলবে যুবসাথী। লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য ভাতাও আগামী দিনে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে বলা হয়েছে, আগামী দিনে প্রত্যেক বাড়িতে পৌঁছাবে পরিশ্রুত পানীয় জল।
আরও পড়ুন : বাড়িতে বসেই দিতে পারবেন ভোট, কারা পাবেন এই সুবিধা? জানাল নির্বাচন কমিশন
এছাড়াও ইস্তেহারে প্রবীণদের যত্নের দিকেও নজর দেওয়া হয়েছে। যাদের সন্তানরা বাইরে থাকেন, দেখার মতো কেউ নেই, তাদের যত্নের আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে।












